প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের সাক্ষাৎ জাপায় কৌতূহল
দলে কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব বদল নিয়ে অস্থিরতার মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ নেতা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তবে তাঁদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। এ নিয়ে জাপায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। তাঁরা প্রায় ১৫ মিনিট একান্তে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে রওশন তাঁর দপ্তরে দলের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মুজিবুল হক, সাংসদ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমামসহ ১০-১২ জন সাংসদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে—পরে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রওশন বলেন, ময়মনসিংহ বিভাগ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন নিয়ে কথা হয়েছে।
কো-চেয়ারম্যান জি এম কাদেরকে মেনে নিয়েছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কি না—এসব প্রশ্নে রওশন বলেন, ‘দলে নতুন নেতৃত্ব আসতে পারে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কেন আলাপ করব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের বৈঠক নিয়ে জাপার দুটি বলয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।