খাদ্যে ভেজাল বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে খাদ্যে ভেজাল বন্ধ করতে পারতেন। সেই ইচ্ছা তিনি পোষণ করবেন কি না জানি না।’
রওশন এরশাদ বলেন, ‘ফরমালিনের কাঁচামাল কে অ্যালাউ করে? বলেই যাচ্ছি। বকা রাম বলে যায়, কোনো অ্যাকশন হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এগুলো বন্ধ হবে না। এগুলো প্রভাবশালীরা করছে। তারা কারা? জানতে চাই। তাদের কেন ধরতে পারছেন না?’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকক্ষে উপস্থিত ছিলেন।
রওশন আরও বলেন, ‘আমাদের দেশে খাদ্যশস্য, সবজি উৎপন্ন হচ্ছে। ফলমূলে বাজার ভরা। বিদেশ থেকেও আঙুর, মাল্টা আসছে। এত ফল আসেই বা কী করে, আনেই বা কে? শীতের মৌসুম আসছে। শাকসবজি দেখে চোখ জুড়িয়ে যায়। কিন্তু ফলমূল, শাকসবজি, মাছ-মাংস কোনটা খাবেন। কোনোটা তো মুখে দিতে পারবেন না।’
এ সময় রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আগামী প্রজন্মকে যদি নিরাপদ খাদ্য খাওয়াতে না পারেন তাহলে ডিজিটাল বাংলাদেশ কীভাবে বানাবেন?
এ ছাড়া রওশন এরশাদ সাংসদদের মধ্যে যাঁরা সরকারি প্লট পাননি, তাঁদের প্লট দেওয়ার অনুরোধ জানান।