প্রধানমন্ত্রীর সফরে যুক্তরাষ্ট্র আ.লীগ কমিটি নিয়ে আলোচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সফর সঙ্গীদের নিয়ে তিনি অবস্থান করছেন ম্যানহাটনের অয়াল্ড্রফ এস্টোরিয়া হোটেলে। দলীয় প্রধানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের কমিটি গঠন হতে পারে-এ আলোচনায় নিদ্রাহীন রাত কাটাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা।

ম্যানহাটনের বাইরে জ্যাকসন হাইটস, এস্টরিয়া এবং জ্যামাইকা এলাকায় দিন রাত চলছে স্বদেশিদের আড্ডা। জ্যাকসন হাইটসে বারবার আড্ডার জটলাগুলো সরগরম হয়ে উঠছে। উত্তেজনাও ছড়িয়ে পরছে মাঝে মাঝে। পুলিশকে বারবার পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন জ্যাকসন হাইটসে তাদের ব্যবসা লাটে উঠার উপক্রম। জটলা আর গাড়ি পার্কিংয়ের সমস্যার কারণে সাধারণ লোকজন জ্যাকসন হাইটসে শপিং করা বন্ধ রেখেছেন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নতুন কমিটিতে কে কে আসছেন বা নতুন কমিটি হচ্ছে—এ নিয়ে জটলা ও আড্ডার কারণ।

জ্যাকসন হাইটসে দলীয় সব জটলায় তোপের মুখে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। দলীয় প্রধান এবং হাইকমান্ডের সঙ্গে তাঁর সম্পর্কের কারণে নিজের ইচ্ছায় সবকিছু করছেন বলে প্রকাশ্যে অভিযোগ করছেন অন্যরা। নাগরিক সংবর্ধনায় কে কে বক্তব্য দেবেন, কে পরিচালনা করবেন, কারা ফুলের তোড়া দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে—এ নিয়ে চলছে নানা হিসেব। 

তবে সিদ্দিকুর রহমান অবশ্য বলেছেন, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষের সব প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী পরিবারের সবাই ঐক্যবদ্ধ ভাবে এ সংবর্ধনা সফল করার জন্য কাজ করছেন বলেও তিনি জানান। 

নাম না প্রকাশের শর্তে আওয়ামী লীগের এক নেতা জানান, সবকিছু ঠিক কিভাবে হবে, তার নির্দেশনা আসছে স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ চার বছর হয়ে গেছে। নেতৃত্বের মধ্যে অনেকেই দেশে দলীয় আনুগত্যে ব্যবসা-বাণিজ্য করছেন। কেউ বা বেসরকারি ব্যাংকের মালিক বা অংশীদার হয়েছেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছেন বা অংশীদার হয়েছেন। যারা দীর্ঘ দিন থেকে দলের জন্য কাজ করছেন অথচ পদ পদবি বা ব্যবসা-বাণিজ্যে দলীয় সরকারের আনুকূল্য পাননি তাঁরা নিজেদের অবহেলিত মনে করছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিনের সংগঠক হাজি এনাম বলেন, নিজের সময় এবং অর্থ ব্যয় করে দল করেছি, আজও করি। ধান্দাবাজদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসবে বলেও আশা তাঁর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারই নতুন কমিটি করবেন না কমিটি পুনর্গঠন করবেন তা নিয়ে কেউ নিশ্চিত নন। দলীয় প্রধানের সঙ্গে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারাও এখন নিউইয়র্কে আছেন। তাঁদের সঙ্গে একের পর এক বৈঠক চলছে। আমন্ত্রণ-নিমন্ত্রণ চলছে ঘরে ঘরে। বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে নেতাদের অতিথিও করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান জানান, পরীক্ষিত নেতাদের দলে সব সময়ই মূল্যায়ন হয়েছে। দেশ নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলের লোকজন যেকোনো ত্যাগ শিকারে সদা প্রস্তুত বলে তিনি জানান।
এবারে দলীয় প্রধানের নিউইয়র্ক সফরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা কে কে আসতে পারেন দেশের ক্ষমতায় থাকা এ দলটির গুরুত্বপূর্ণ প্রবাসী কমিটিতে। নাম আসছে, দলের দুর্দিনের নেতা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম আবার কমিটিতে ফিরে আসতে পারেন। দলের কাজকর্মে নিত্য ব্যস্ত সাবেক ছাত্র নেতা কাজী কয়েস, আব্দুল হাসিব, রহিম বাদশাহ, শাহীন আজমল সম্ভাব্য নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে শোনা যাচ্ছে।
কাজী কয়েস প্রথম আলোকে বলেন, প্রবাসে দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, তাদের মোকাবিলায় আজ সব আওয়ামী লীগ কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এ প্রতিবেদকের কাছে জানান, বাস্তব পরিস্থিতির নিরিখে যাকে যে পদেই দেওয়া হবে তারাই বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে দেশে ও প্রবাসে কাজ করে যাবেন।
রাষ্ট্র নেতাদের উপস্থিতে নিউইয়র্ক নগরীতে রীতিমতো সাজ সাজ রব। পোপ ফ্রান্সিস থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা সামাল দিতে হিমশিম খাচ্ছে নিউইয়র্কের পুলিশ বিভাগ। পাশাপাশি পুলিশকে বাড়তি নজর রাখতে হচ্ছে জ্যাকসন হাইটসে আমাদের স্বদেশি জটলার দিকেও।