প্রধানমন্ত্রীর সফরের আগে ভিন্ন বিতর্কে আচ্ছন্ন দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই কী হয় কী হয়, এক টেনশনে আচ্ছন্ন ভারতের রাজধানী নয়াদিল্লি। টেনশনের কারণ তিব্বতি ধর্মগুরু দালাই লামার অরুণাচল সফর। শেখ হাসিনা যে সময় ভারতে থাকছেন, ঠিক সেই সময় দালাই লামার অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে থাকার কথা, যে অংশকে চীন তাদের বলে দাবি জানিয়ে আসছে।
দালাই লামার এই সফরের বিরুদ্ধে চীন ক্রমাগত ভারতকে সাবধান করে চলেছে। অরুণাচল প্রদেশের একাংশকে চীন তাদের ভূখণ্ড বলে দাবি করে। বিশেষ করে তাওয়াং। এ নিয়ে দুই দেশের বিতর্ক এখনো অমীমাংসিত। কয়েক দিন ধরেই চীন বলে চলেছে, এই সফর হতে দিলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে নিয়ে যাবে। ফল ভালো হবে না।
গতকাল মঙ্গলবার চীনের সরকারি প্রচারমাধ্যম বলেছে, ভারত ইচ্ছাকৃতভাবেই সংঘাতের দিকে এগোচ্ছে। এই প্রতিবাদের বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতি দিয়ে বলছে, দালাই লামা আগেও একাধিকবার অরুণাচল ও তাওয়াং সফর করেছেন। শেষবার গিয়েছেন ২০০৯ সালে। তিনি ধর্মীয় নেতা। রাজনৈতিক মানুষ নন। তিনি অরুণাচলে রাজনীতি করতে যাচ্ছেন না। যাচ্ছেন ধর্মীয় প্রচারে। চীনের প্রতিবাদের জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ভারত ‘এক চীন’ নীতি মেনে চলছে। চীনের সার্বভৌমত্ব নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। চীনও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দূরে থাকুক। কৃত্রিম বিতর্ক সৃষ্টি অনভিপ্রেত।
শেখ হাসিনার সফর ঘিরে ভারতের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই দালাই লামা-বিতর্ক এই সফরের ওপর ছায়া ফেলেছে। সাউথ ব্লকে গতকাল মঙ্গলবার সারাটা দিন ছিল এই নিয়েই ব্যস্ততা। সকালে নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামার তাওয়াং যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আসামের গুয়াহাটি থেকে তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। তাঁর ব্যক্তিগত সচিব সংবাদমাধ্যমকে বলেন, গুয়াহাটি থেকে তিনি সড়কপথে বমডিলা যাবেন। সেখান থেকে যাবেন দিরাং। তারপর তাওয়াং। শেখ হাসিনার ভারত সফরের সময়েই দালাই লামার তাওয়াং বৌদ্ধ গুম্ফায় থাকার কথা। সেখানে তিনি ধর্মকথার পাশাপাশি শান্তির বাণী প্রচার করবেন।
দালাই লামাকে চীন আদৌ ধর্মগুরু বলে মনে করে না। চীনের চোখে তিনি তিব্বতি বিচ্ছিন্নতাবাদীদের নেতা। ভারতের চোখেও চীনই পাকিস্তানের প্রধান মদদদাতা। হাফিজ সাঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় জাতিসংঘের যাবতীয় প্রচেষ্টায় চীন বাধা দিয়ে চলেছে। তাদের আপত্তির কারণেই ভারত পরমাণু সরবরাহ গোষ্ঠীর সদস্য হতে পারছে না। পাকিস্তানের ভারতবিরোধী ভূমিকার পেছনে চীনের উসকানিই প্রধান।
বাংলাদেশেও চীনের প্রভাব বিস্তারে ভারত চিন্তিত। চীন থেকে বাংলাদেশের ডুবোজাহাজ কেনাকে ভারতের নীতিনির্ধারকেরা খুশি মনে মেনে নেননি। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে যে টানাপোড়েন চলছে, তার প্রধান লক্ষ্যও চীন। শেখ হাসিনার সফরের ঠিক আগে দালাই লামার অরুণাচল সফর নিয়ে তৈরি বিতর্ক নিছকই কাকতালীয় হলেও দিল্লি আপাতত এই নিয়ে আচ্ছন্ন।