প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে আমার পরাজয় হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদ হারাতে হয়। এই নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ইন্ধনের জোরালো গুঞ্জন আলোচনায় ছিল। সবকিছু নিয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈমুর আলম খন্দকার
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

প্রথম আলো: নির্বাচন কেমন হলো?

তৈমুর: নির্বাচনটা করেছি সরকারের লগে, আইভীর লগে না। স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন করছি। নির্বাচনের সময় আমার মাইকম্যান, পোস্টার লাগানো লোক ধরে নিয়ে যায় গা। গাড়ির ড্রাইভার, আমার লোকজনকে ধরে নিয়ে যায় গা। নির্বাচনে বাইরে কোনো সহিংসতা হয়নি। কিন্তু পুলিশ প্রশাসন আমার ওপর অহেতুক অনেক নির্যাতন করছে। এই হয়রানির কারণে আমার লোকজন ভয়ে পেয়ে গেছে, নাইলে তারা মাঠে থাকত। আমার লোক ভোট দিতে আসতে পারত।

প্রশ্ন :

প্রথম আলো: নির্বাচনের পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আপনার কথা হয়েছে?

তৈমুর: আমি নারায়ণগঞ্জের খেটে খাওয়া–পেশাজীবী মানুষের সঙ্গে জীবনভর চলেছি। তাদের কথা দিয়েছি, আমি নির্বাচন করব। তাদের অনুরোধেই আমি নির্বাচন করেছি।

প্রশ্ন :

প্রথম আলো: নির্বাচনে হারানোর অভিযোগ করছেন। কিন্তু সিটির ৯টি ওয়ার্ডে বিএনপির নেতা-কর্মীরা কাউন্সিলর পদে জয় পেয়েছেন। তাঁরা জিতলেন কীভাবে?

তৈমুর: কাউন্সিলর বিষয়ে প্রধানমন্ত্রী মাথায় ঘামান নাই। মেয়র পদ নিয়ে মাথা ঘামাইছেন। এই এলাকা মাকছুদুল (তাঁর ছোট ভাই) দিয়ে পরিচিত, নাকি আমারে দিয়েও পরিচিত? মাকছুদুল এত ভোট পায়, আমি এত কম ভোট পাই কেমনে? আমি তো ওরে ঢোকাইছি এই লাইনে। ও তো আমাকে ঢোকায় নাই। সরকার প্রভাব বিস্তার না করলে কোনো প্রার্থীর সামনে থেকে তাঁর ব্যক্তিগত স্টাফ ধরে নিয়ে যায়?

প্রশ্ন :

প্রথম আলো: সরকারের বিরুদ্ধে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা না বলাটা নির্বাচনে কৌশলগত ভুল?

তৈমুর: সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছি। খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলেছি, তাঁকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আমি সবকিছু টেনে আনতে পারব না। এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা তো জাতীয় নির্বাচন না! এখানে তুলে ধরতে হবে সিটি করপোরেশনের ব্যর্থতা। ধান ভানতে গিয়ে তো শিবের গীত গাইলে হবে না।

প্রশ্ন :

প্রথম আলো: নির্বাচন করতে গিয়ে দলীয় পদ হারিয়েছেন। বিএনপির কোনো কমিটিতে এখন নেই। রাজনীতি নিয়ে আপনার পরিকল্পনা কী?

তৈমুর: দলীয় পদ হারিয়েছি, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। নির্বাচনে আমি যখন হেঁটে গিয়েছি, তখন শত শত মানুষ আমার পেছনে হেঁটেছে। অতএব পদ হারানোয় আমি মনঃক্ষুণ্ন নই। পদ ফিরে পাওয়ার জন্য আমি কোনো চেষ্টাই করব না, এটা দলের ইচ্ছা। আমি জনতার তৈমুর, জনতার সঙ্গেই থাকতে চাই। রাজনীতি করতে গেলে পদের প্রয়োজন হয় না। একটা স্বচ্ছ ইমেজ ও নিজস্ব জনবল থাকতে হয়। এই দুটো আমার আছে। আমি জনগণের পক্ষে কথা বলব। দল যদি আমাকে রাখে ভালো, না রাখলে আরও ভালো। দলের কাছে আমাকে রাখার জন্য কোনো আবেদন করব না।

প্রশ্ন :

প্রথম আলো: দলীয় সমর্থন নিয়ে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ৯৬ হাজার ভোট পেয়েছেন। আপনি সমর্থন ছাড়া ৯২ হাজার ভোট পেলেন। ধানের শীষের প্রতীক হলে ভোট বেশি পেতেন?

তৈমুর: গত নির্বাচনে বিএনপির মহাসচিবসহ সব নেতারা আসছেন। কেন্দ্রে কেন্দ্রে গেছেন। দল থেকে টাকাও দিয়েছে। এবার বিএনপি আমার বিরোধিতা করেছে। যারা আমার পদ কেড়ে নিয়েছে, তারা আমার পক্ষে কাজ করা বিএনপির নেতা-কর্মীদের পদ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রীও আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এসবের মধ্যেও আমি ভীত ছিলাম কি না, আপনারা দেখেছেন। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে লোক নামাইতে পারেন কি না আপনারা দেখেন। প্রতীক থাকলে তো স্বাভাবিকভাবে ভোট বেশি হতো। বিএনপির নেতা-কর্মীরা আমার পক্ষে যাতে না আসে, এ কারণে টেলিফোনে বারবার হুমকি দেওয়া হয়েছে নেতা-কর্মীদের।

প্রশ্ন :

প্রথম আলো: শামীম ওসমানের প্রার্থী হিসেবে প্রচার থাকায় আপনার ভোট কমেছে বলে মনে করা হয়। আপনি কী মনে করছেন?

তৈমুর: ওদের (ওসমান পরিবার) তো নিজস্ব ভোট আছে। ওদের তো ফেলে দেওয়া যাবে না নারায়ণগঞ্জে। শামীম ওসমানদের একটি অবস্থান আছে। তিন ভাই এমপি, বাবা এমপি ছিলেন, মা ভাষাসৈনিক। দাদা এমপি ছিলেন। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তাদের তো নিজস্ব লোকজন আছেই। তবে এটা সত্য, আমাকে নির্বাচনে দাঁড় করানোর ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। এটা আমার মাথায় নেই তাদের জিজ্ঞেস করে নির্বাচন করতে হবে। আমারে ওসমান পরিবারের প্রার্থী হিসেবে মানুষ মনে করে নাই। আর তারা তো নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন নেমেছে, ভোট চেয়েছে।

প্রশ্ন :

প্রথম আলো: নির্বাচনে পরাজয়ের কারণ কী মনে করেন?

তৈমুর: প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে আমার পরাজয় হয়েছে। পুলিশ ও প্রশাসন দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। ঠান্ডা মাথায় আমাকে নির্বাচনটা করতে দেননি। আর ত্রুটিযুক্ত ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতি করা হয়েছে। আগে ইভিএমকে মানুষ বলত চুরির বাক্স। এখন সেই ইভিএমকে ডাকাতির বাক্স হিসেবে মনে করে।

আরও পড়ুন

প্রশ্ন :

প্রথম আলো: বিজয়ী প্রার্থী আইভীকে সহযোগিতা করবেন?

তৈমুর: আমার নির্বাচন আইভীর সঙ্গে ছিল না, সরকারের সঙ্গে হয়েছে। আইভীকে আগেও সহযোগিতা করেছি, ভবিষ্যতেও সহযোগিতা করব। মেয়র হিসেবে তাঁর সাফল্য কামনা করছি।

(সাক্ষাৎকার গ্রহণে সঙ্গে ছিলেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক ও সংবাদদাতা গোলাম রাব্বানী)