প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি আমলে নিল না ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক মাস ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলছিল। প্রধানমন্ত্রীর কাছেও এ নিয়ে নালিশ যায়। কিন্তু প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির ৩২ দিনের মাথায় আবার রক্ত ঝরল ক্যাম্পাসে। ছাত্রলীগের এক পক্ষের গুলিতে গতকাল রোববার খুন হলেন তাপস সরকার।
ক্যাম্পাস ও পুলিশ সূত্র জানায়, গত দেড় বছরে অন্তত ১২ বার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মারামারির কারণে এ বছর ক্যাম্পাস বন্ধ ছিল ১৬ দিন। একের পর এক সংঘর্ষের কারণে গত ১০ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়। এখন কমিটি ছাড়াই ছাত্রলীগের কার্যক্রম চলছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ। গত ১২ নভেম্বর চট্টগ্রামে সফরে গিয়ে ছাত্রলীগের দ্বন্দ্ব মেটানো এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনকে নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নেতাকে বলেছিলেন, ‘ভার্সিটিতে কেন গন্ডগোল হচ্ছে? ক্যাম্পাসকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। ছাত্রলীগের যারা সিদ্ধান্ত মানবে না, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে, সেই ছাত্রলীগ আমার দরকার নেই। ক্যাম্পাসের পরিবেশ কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। যারা কথা শুনবে না, তাদের বের করে দিন।’
ছাত্রলীগের বিরোধে প্রাণহানির বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল দেড় বছর ধরে চলছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর নজরে এনেছিলাম। বিরোধ মেটানোর জন্য প্রধানমন্ত্রী স্থানীয় দুই নেতাকে দায়িত্ব দিয়েছিলেন। এর পরও নির্মম হত্যাকাণ্ড সবাইকে ব্যথিত করেছে। তাই আমি কোনো নেতার পরামর্শ আর শুনব না।’
পুলিশ সুপার বলেন, ‘হত্যাকারী এবং ক্যাম্পাসে গন্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন নিজের গতিতে চলবে। প্রশাসন আর কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে দেড় বছর ধরে বিরোধ চলছে। একটি পক্ষ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ এবং অন্য পক্ষ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) নামে তাদের কার্যক্রম চালায়। ভিএক্স পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জালাল আহমেদ এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতৃত্বে আছেন বিলুপ্তি কমিটির সহসভাপতি অমিত কুমার বসু। বিবদমান দুই পক্ষই মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
হত্যাকাণ্ডের ঘটনায় এ বি এম মহিউদ্দিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছিলেন। আমরা বিতাড়িত নেতা-কর্মীদের ক্যাম্পাসে ফিরে যেতে বলেছি। তাদের অনেকে আবাসিক হলে উঠেছিল। কিন্তু তা কিছু লোক মেনে নিতে পারেনি। তারা এক পক্ষকে উসকানি দিয়ে এই নির্মম ঘটনা ঘটিয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইঙ্গিত করে সাবেক মেয়র বলেন, ‘সন্তান বা ছাত্র পিতা বা শিক্ষকের কাছে সমান মর্যাদার পাওয়ার দাবি রাখে। আমরা এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে উসকে দিলে এসব নির্মম ঘটনা ঘটবে। আমরা ক্যাম্পাসে হত্যাকাণ্ড বন্ধ করতে চাই। হত্যাকারীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ওদের আর কোনো ক্ষমা নেই।’
ছাত্রলীগের বিরোধের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। সব ছাত্রই আমার সন্তানের মতো। তাদের মধ্যে বিরোধের কারণে প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর পরও তারা আবার মারামারি করছে। একজন খুন হয়েছে। এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। বিষয়টি রাজনৈতিকভাবে দ্রুত সমাধান হওয়া উচিত।’
তবে মহিউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘দুই পক্ষের বিরোধ আমরা রাজনৈতিকভাবে সমাধান করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, খুনিরা আবার কিসের ছাত্রলীগ করে! আসলে ছাত্রলীগের মধ্যে শিবির, নেশাখোর, মাদকাসক্ত ও অপরাধীদের অনুপ্রবেশ ঘটেছে। এরা ছাত্রলীগের প্ল্যাটফর্মকে নিরাপদ মনে করে অঘটন ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে। খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।