'পছন্দের প্রার্থীকে' সুবিধা দিতে মিন্টুর মনোনয়নপত্র বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী’ আনিসুল হককে বাড়তি সুবিধা দিতে সামান্য ত্রুটি দেখিয়ে নির্বাচন কমিশন আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেছেন, মিন্টুর মনোনয়নপত্র বাতিলের ‘হঠকারী সিদ্ধান্ত’ নিয়ে সরকার নতুন করে সংকট ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিরোধী প্রার্থীদের মামলা দিয়ে হয়রানিসহ ‘অপতৎপরতা’ বন্ধ করা না হলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনী নাটক করার যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে অবশ্যই প্রতিহত করবে।
বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফের সই করা বিবৃতিতে বলা হয়, বিএনপি ও ২০ দলের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে আটক বা আত্মগোপনে থাকতে বাধ্য করা এবং সালাহউদ্দিন আহমেদকে গুম করে নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করার সুযোগে সরকার শূন্য মাঠে গোল দেওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএনপি ও ২০ দলের কৌশলী সিদ্ধান্তের ফলে গোটা পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাওয়ায় এখন আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনকে মাঠে নামিয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর সমর্থনকারী ঢাকা উত্তর সিটির ভোটার না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর মিন্টুর আপিলও বাতিল হয়। পরে উচ্চ আদালতে গেলে সেখানেও রায় মিন্টুর বিপক্ষে যায়, এখন তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, প্রচলিত আইনে স্থানীয় সরকার নির্বাচনে কোন রাজনৈতিক দল কাউকে মনোনীত করতে পারে না। সরকারি পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। অথচ মন্ত্রী সভার বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হকের প্রতি তাঁর সমর্থন ঘোষণা করেছেন। পরবর্তীতে তাঁর সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলীয় সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই নিয়ে সমালোচনা হলেও অনিয়ম পর্যবেক্ষণ ও প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন না শোনা, না জানা ও না বোঝার ভান করে নিন্দা কুড়ালেও লজ্জিত হয়েছে বলে মনে হয় না। বরং প্রধানমন্ত্রীর এই পছন্দের প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা দেওয়ার জন্য সামান্য ত্রুটি দেখিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, যেদিন মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেদিন মনোনয়নপত্রের ছোট খাটো ভুল সংশোধনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার প্রার্থীদের কয়েক ঘণ্টা সময় দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার তেমন সুযোগ দিলে মিন্টু ওই নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ সমর্থকের মধ্য থেকে একজনকে সমর্থক হিসাবে দেখাতে পারতেন।