প্রবাসীদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটের প্রবাসীদের বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরের পর পাঁচ সদস্যবিশিষ্ট সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডনে তাঁর হোটেলে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও পররাষ্ট্রসচিব যৌথভাবে সাংবাদিকদের ব্রিফিং করেন।
ওই প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দেশি ও বিদেশি উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে।’ সমুদ্রসীমা নির্ধারণ মামলায় জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই জয় বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। ব্রিটিশ কোম্পানি এ খাতে বিনিয়োগ করতে পারে।’
যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিএনপি-জামায়াতের সহিংসতামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তাঁর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষা ও নারীর উন্নয়নে শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধিদলে ছিলেন ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার বিষয়ে আরও প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।