প্রভাবশালী মহলের কারণে ফুটপাত দখলমুক্ত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী মহলের প্রভাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতার অভাবের কারণে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে আজ সোমবার সংসদে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের পক্ষে প্রতিমন্ত্রী মসিউর রহমান এ কথা জানান। সৈয়দ আশরাফ সংসদে না থাকায় ম​​সিউর রহমান সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লিখিত প্রশ্নের জবাবে ​সৈয়দ আশরাফের পক্ষে এই প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু অবৈধ দখলদার-হকাররা উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করছেন। একই স্থানে বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।

স্বতন্ত্র সাংসদদের জোটের নেতা হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান স্কেল দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ নীতিগত সিদ্ধান্ত নিয়ে তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে।
ইসরাফিল আলমের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশের সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় সাড়ে তিন হাজার কোটি টাকা চাহিদার বিপরীতে ৯০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।