প্রমাণ হয়েছে বিএনপির দাবি ভুয়া: ওবায়দুল কাদের

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করেছেন বলে দাবি করে বিএনপির উল্লসিত হওয়ার ঘটনা ‘ভুয়া’ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপির সন্ত্রাস, নাশকতা ও অবরোধের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে অবরোধ করা হবে। একসময় বিএনপি আওয়ামী লীগকে ভারতের সঙ্গে যুক্ত করে গালিগালাজ করত। এখন বিএনপির মধ্যে ভারতপ্রীতি জেগে উঠেছে। ভারতের ক্ষমতাসীন দলের নেতা ফোন না করলেও তারা ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা করছে।’ তিনি বলেন, বিজেপির নেতা বিএনপির চেয়ারপারসনকে ফোন করে তাঁর শারীরিক খোঁজখবর নিয়েছেন দাবি করে বিএনপি উল্লসিত হয়েছিল। কিন্তু এখন তা ভুয়া প্রমাণিত হয়েছে।
পদ্মা সেতু নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু থেকে সরে যায় তখন কেউ ভাবেনি পদ্মা সেতু হবে। সেই সেতু এখন অবাস্তব নয়, দিবালোকের মতো স্পষ্ট। মন্ত্রী আরও বলেন, হজের পর বিশ্ব ইজতেমা মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত। বিশ্ব ইজতেমা চলাকালেও তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি। এতে ধর্মপ্রাণ মুসিল্লরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। তাই তারা সহিংসতা ও নাশকতা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।
সেতু মন্ত্রী বলেন, ছয় বছর আন্দোলনের ডাক দিয়ে এখন পর্যন্ত জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। গণ-আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করছে।
এর আগে ওবায়দুল কাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ ও তাঁর পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।