সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেছেন—এ কথা কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
গত বুধবার সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথম আলোকে বলেছিলেন, বৈঠকে সুবিদ আলী জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করেছিলেন। এ বিষয়ে সুবিদ আলী ভূঁইয়ার গতকালের সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথম আলোকে বলেন, আলোচ্যসূচির বাইরে এই আলোচনা হয়েছে। তিনি জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলেই দাবি করেছিলেন। এখন হয়তো বিষয়টি নিয়ে বিব্রত।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে সুবিদ আলী গতকাল সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি বলেন, ‘বৈঠকে আমি বলেছি, জিয়াউর রহমান বেতার ভাষণে ভুল করে নিজেকে হেড অব স্টেট (রাষ্ট্রপ্রধান) ঘোষণা করেছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন। তখন একজন সদস্য বলেন, আপনি কি বলতে চান জিয়াই প্রথম রাষ্ট্রপতি? আমি তাঁকে পাল্টা প্রশ্ন করি, জিয়া কি কখনো তাঁর জীবদ্দশায় এমন দাবি করেছিলেন? বাস্তবে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে আমি কোনো কথা বলিনি। অন্যদের উদ্ধৃতি দিয়ে আমাকে জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।’
জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সুবিদ আলী বলেন, ‘ভুল করে বলে ফেলেছিলেন। এম আর খান সাহেব ঠিক করে দেন...আসলে কী বলতে গিয়ে কী বলে ফেলেছেন। ইনটেনশনাল না। আমার বইতে আছে।’