রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিএনপি-জামায়াতপন্থীদের’ নিয়োগ বন্ধের দাবিতে প্রশাসনিক ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা ফিরে যান।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিল নিয়ে তাঁরা প্রশাসন ভবনের সামনে যান। পরে সেখানে প্রশাসন ভবনের প্রবেশপথ বন্ধ করে বিক্ষোভ করেন। আওয়ামী লীগের ‘ত্যাগী’ নেতা-কর্মীদের বাদ দিয়ে ‘জামায়াত-বিএনপিপন্থীদের’ নিয়োগের অভিযোগ তুলে তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মসূচি চলাকালে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ করতে গিয়ে আমাদের নেতা-কর্মীদের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁদের বাদ দিয়ে জামায়াত-বিএনপির লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগ বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।’ অবস্থান কর্মসূচিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও অংশ নেন।
অবস্থানকালে ডাবলু সরকার বলেন, ‘আমরা শুনেছি, আজকের সিন্ডিকেটে বিএনপি সরকারের আমলে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত ২৫৪ জনেক অ্যাডহকে (স্থায়ীকরণের প্রাথমিক ধাপ) নিয়োগ দেওয়া হবে। আমরা এই নিয়োগপ্রক্রিয়া বন্ধ করতে এখানে অবস্থান নিয়েছি।’ তিনি আরও বলেন, এ নিয়োগ বন্ধ করা না হলে প্রশাসন ভবনে তালা লাগানো হবে।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। তবে এই সভায় নিয়োগসংক্রান্ত কোনো এজেন্ডা ছিল না বলে সূত্রটি নিশ্চিত করেছে।
অবস্থান চলাকালে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান সেখানে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের আশ্বস্ত করেন। তাঁর বক্তব্যে আশ্বস্ত হয়ে নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান। এ সময় প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে তাঁর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, আজকের সিন্ডিকেটে নিয়োগসংক্রান্ত কোনো বিষয় নেই। স্বাস্থ্যবিমা-সংক্রান্ত কিছু প্রশাসনিক জটিলতা নিরসনে ওই সভা ডাকা হয়েছে।’
গত বছরের ২৩ ডিসেম্বর চাকরির বয়সসীমা বাতিল ও অস্বচ্ছতার অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত চাকরির পরীক্ষা বন্ধ করে দেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের আয়া ও মালি পদের নির্ধারিত মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী।
এ ছাড়া ৬ ফেব্রুয়ারি স্থানীয় ব্যক্তিদের চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।