রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ। এদিকে প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অনেক প্রার্থী ও ভোটারের মধ্যে শঙ্কা রয়ে গেছে।
অনেক প্রার্থী অভিযোগ করেন, উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা অন্য প্রার্থীদের হুমকি দিয়ে যাচ্ছেন।
বাঘাইছড়ি ইউনিয়নের লাম্বাছড়া ভোটকেন্দ্রের ভোটার আদেক্কে চাকমা ও বিনয় কান্তি চাকমা বলেন, একটি আঞ্চলিক দলের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তাঁদের এলাকার ভোটারদের চাপ দেওয়া হচ্ছে।
আমতলী ইউপিতে বিএনপির প্রার্থী মো. হুমায়ুন কবির বলেন, ‘ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্য বলা হচ্ছে, ভোটকেন্দ্র দখল করা হবে। সে জন্য আমতলী ইউনিয়নে নিরাপত্তা জোরদারের জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি।’
মারিশ্যা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপন চাকমা বলেন, ‘আমি ঠিকমতো প্রচারণা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও বৈঠক করতে পারিনি। কারণ, আমাকে এবং আমার স্বজন ও বন্ধু-সমর্থকদের এখনো হুমকি দেওয়া হচ্ছে।’
ইউপিডিএফের সাজেক ইউনিট-প্রধান জুয়েল চাকমা বলেন, সরকারদলীয় প্রার্থীকে জয়ী করার জন্য নানা অপকৌশল চালানো হচ্ছে। ভোটকেন্দ্র দখল করার জন্য শত শত বহিরাগত লোককে বাঘাইহাট বাজারে জড়ো করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কোনো বহিরাগত লোক আনার ও কেন্দ্র দখলের পরিকল্পনা নেই। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’ তাঁর অভিযোগ, ‘সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করছে। আমাদের প্রার্থীরা সন্ত্রাসীদের ভয়ে সদরে আবাসিক হোটেলে বসে নির্বাচন করছেন।’
জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের কর্মী-সমর্থকেরা কোনো প্রার্থী কিংবা অন্য কাউকে ভয়ভীতি দেখাননি বা হুমকি দেননি।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আট ইউনিয়নের ৭৭টি ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, উপজেলার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় ২৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম বলেন, যেসব ভোটকেন্দ্রে গোলযোগ হওয়ার আশঙ্কা আছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।