ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে ব্যতিক্রম ছিল বিজয় একাত্তর হল। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলের আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা, সিট বণ্টন এবং শাস্তি দেওয়ার মতো কাজগুলো পরিচালিত হয় প্রশাসনের মাধ্যমে। কিন্তু প্রশাসনের কাছ থেকে এই কাজগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে তুলকালাম বাধান।
প্রশাসনকে পাশ কাটিয়ে ছাত্রলীগ নেতারা নিজেরাই হলের বিভিন্ন কক্ষে ছাত্রদের তুলে দেন। বের করে দেওয়ার হুমকি দেন সাধারণ ছাত্রদের। আবাসিক শিক্ষকেরা বাধা দিতে গেলে তাঁদের ধাওয়া করা হয়। প্রাধ্যক্ষের উপস্থিতিতে তাঁর কক্ষ ভাঙচুর করা হয়। মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক।
অন্য হলগুলো আগে থেকেই ছাত্রলীগের নিয়ন্ত্রণে। ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকই হন ওই হলের ‘প্রশাসক’। হল প্রশাসনকে এড়িয়ে শিক্ষার্থী তোলা থেকে শুরু করে সিট বণ্টন বা কাউকে বের করে দেওয়ার মতো কাজগুলো ছাত্রলীগের নেতারাই নিয়ন্ত্রণ করেন।
বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র হলগুলোর আসন-সংকটকে কাজে লাগিয়ে ছাত্রসংগঠনগুলো রাজনীতি করে। হলে ওঠানোর বিনিময়ে বিভিন্ন কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়। কিন্তু বিজয় একাত্তর হলে তারা চাইলেই হলের বিভিন্ন কক্ষে কর্মী তুলতে পারছিল না। তবে ছাত্রলীগের পক্ষ থেকে অনেকবার চেষ্টা হয়েছে। কিন্তু প্রশাসনের কঠোর অবস্থানে এত দিন তা সম্ভব হয়নি।
হলের মূল কক্ষগুলোর ওপর নিয়ন্ত্রণ নিতে না পেরে গত বছর হলের খেলার কক্ষটিকে ‘গণরুম’ হিসেবে ব্যবহার করতে শুরু করে ছাত্রলীগ। হলের ‘গণরুম’ হচ্ছে এমন কক্ষ, যেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ছাত্রসংগঠনগুলো তাদের কর্মী বা অনুসারীদের তোলে। তাঁদের দিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করায়। এসব কক্ষে সাধারণত ধারণক্ষমতার চেয়ে চার-পাঁচ গুণ বেশি শিক্ষার্থী থাকেন।
বিজয় একাত্তর হলের গণরুমে প্রায় ৩০০ শিক্ষার্থী আছেন। তাঁরা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তাঁরা গণরুম ছেড়ে মূল কক্ষগুলোতে উঠতে চাইলে গত সোমবার রাত ১২টার দিকে হলের কক্ষগুলোতে এক-দুজন করে তুলে দেয় ছাত্রলীগ। কক্ষের প্রকৃত ছাত্ররা বাধা দিতে চাইলে তাঁদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের খবর পেয়ে মধ্যরাতে অন্তত ১২ জন আবাসিক শিক্ষক হলে ছুটে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দেন ছাত্রলীগের কর্মীরা। প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানান, ছাত্রলীগের কর্মীরা একজন আবাসিক শিক্ষককে ‘শিবির’ বলেও ধাওয়া করেন।
হল শাখা ছাত্রলীগ সভাপতি ফকীর রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারের ভাষ্য, আসন না পাওয়া শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কক্ষে উঠে গেছেন। এর পেছনে তাঁদের কিছু করার ছিল না।
দিবাগত রাত সোয়া একটার দিকে হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রাধ্যক্ষ অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূঁইয়া। তিনি হলে নিজের কক্ষে প্রবেশ করলে হল শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। একপর্যায়ে প্রাধ্যক্ষের কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রাধ্যক্ষের কক্ষে যান। তাঁরা হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে কথা বলেন। হলের ছাত্রদের নিজ নিজ কক্ষে ফেরত যেতে নির্দেশ দেন। যেসব কক্ষে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র তোলা হয়েছে, তাঁদের সবাইকে ফিরিয়ে আনতে হলের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেন।
ভোর চারটা পর্যন্ত হলের ভেতরের মাঠে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা দফায় দফায় বিক্ষোভ করেন। সাড়ে চারটার দিকে হলের ৫০০৩ নম্বর কক্ষের শিক্ষার্থী ও বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইনকে মারধর করা হয়। তিনি অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইমরানের সহপাঠীরা জানান, ইমরানের কক্ষেও ছাত্র তোলার চেষ্টা করেছিল ছাত্রলীগ। এতে তিনি বাধা দেন। পরে সংবাদ সংগ্রহ শেষে ঘুমাতে গেলে তাঁকে মারধর করা হয়।
হলের প্রাধ্যক্ষ শফিউল আলম প্রথম আলোকে বলেন, হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মোহাম্মদ আসিফ হোসেন খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া ছাত্রলীগ যাঁদের বিভিন্ন কক্ষে তুলে দিয়েছে, তাঁরা কেউ এসব কক্ষে থাকতে পারবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন, তাঁদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অন্য হলগুলোর নিয়ন্ত্রক ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাড়া ১৭টি আবাসিক হলে মোট ১২৮টি ‘গণরুম’ রয়েছে। ছাত্রলীগের সূত্রগুলো জানায়, গত জানুয়ারিতে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি হওয়ার পর ভর্তি হওয়া মোট ছাত্রের প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে হলে উঠিয়েছে ছাত্রলীগ।
সেখানে শিক্ষার্থীরা গাদাগাদি করে বিভিন্ন কক্ষ, বারান্দা ও ছাদে থাকেন। ফলে শিক্ষার্থীদের ভালো কক্ষে সিট দেওয়ার আশ্বাস দিয়ে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা হয়।
সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়ায় কবি জসীমউদ্দীন হলের এক শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ। হলের ছাত্রলীগ কর্মীরা ওই শিক্ষার্থীর পেটে লাথি মারেন, যেখানে কদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়। মাস্টারদা সূর্য সেন হলের সভাপতি গোলাম সারওয়ার হল কমিটি গঠনের পরপরই নয়টি কক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়ে নিজ অনুসারীদের ওই সব রুমে তুলে দেন।
গত বছরের ১৩ ডিসেম্বর ১৮টি হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের হল কমিটি হওয়ার পর গত তিন মাসে বিভিন্ন অভিযোগে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু হল, জসীমউদ্দীন হল ও মুহসীন হল থেকে অন্তত ৩০ জনকে বের করে দেয় ছাত্রলীগ।
হলগুলোর নিয়ন্ত্রণে আধিপত্য রাখতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ১২ জানুয়ারি রাতে শহীদুল্লাহ্ হলে কক্ষ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। ৩ জানুয়ারি এস এম হলে একই কারণে সভাপতি-সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।