
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ প্রকল্পে কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে খরচ হয়েছে সরকারকে জানাতে হবে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মন্তব্য করেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবি’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে ‘শফিউল বারী মুক্তি পরিষদ’।
মওদুদ আহমদ বলেন, ‘স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে। এতে আমরা গর্বিত। কিন্তু আমরা জানতে চাই, এই প্রকল্পে কত অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে, কার মাধ্যমে টাকা খরচ হয়েছে, কাকে চুক্তি দেওয়া হয়েছিল, কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল এবং পরিপূর্ণ মনিটরিং করার জন্য যে তত্ত্বাবধান করা প্রয়োজন—সেটি করা হয়েছে কি না, এগুলো দেশের মানুষের জানার অধিকার আছে।'
সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ শক্তিশালী আছে র্যাব, পুলিশ ও বিজিবির জন্য। সরকারের প্রশাসন ও তাদের ক্ষমতার জন্য আওয়ামী লীগ শক্তিশালী। কিন্তু এটা ক্ষীণ হয়ে আসবে। জনগণের গণজোয়ার দেখে এই প্রশাসন, পুলিশ ও বিজিবি আস্তে আস্তে সরে পড়বে। তিনি আরও বলেন, মুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করে জয়লাভ করবে বিএনপি। কারণ দেশের মানুষ এখন অপেক্ষায় আছে।
এ সময় খুলনা সিটি নির্বাচন বিষয়ে মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার জন্য নিজেদের ‘এজেন্ট’ পাঠিয়েছে। ভোট কারচুপি করে, কেন্দ্র দখল করে এবং বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্রে আসতে না দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে গত তিন দিন বিএনপির এজেন্টদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি।
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মওদুদ আহমদ বলেন, গাজীপুরে যে গণজোয়ার, এই গণজোয়ার আগামী সাধারণ নির্বাচনেও আসবে। আর আওয়ামী লীগ সেই গণজোয়ারে ভেসে যাবে। কেউ রক্ষা করতে পারবে না।
আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী প্রমুখ।