প্রশাসনের বিরুদ্ধে নেতাদের ক্ষোভ
খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ নেতাদের বারবার হত্যার হুমকি দেওয়ার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ করেন।
হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্রলীগ নেতারা। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এ সময় মহানগরের সভাপতি শেখ শাহজালাল হোসেনসহ অন্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খুলনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ইন্ধনে কিছু দুষ্কৃতকারী, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ নেতাদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে। এর মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেনকে দফায় দফায় প্রাণনাশের হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। সর্বশেষ ১৪ অক্টোবর রাতে মুঠোফোনে তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
যোগাযোগ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, যেসব ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, ওই নম্বরগুলো ট্র্যাক করে অপরাধী শনাক্ত করার চেষ্টা চলছে।