পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে স্থগিত একটি ভোটকেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে আগামী ৩১ অক্টোবর। তবে ভোটের আগে স্থানীয় আওয়ামী লীগ অভিযোগ করেছে, সেখানে পুলিশ ও প্রশাসন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। মঠবাড়িয়া পৌর ভবনের সামনের সড়কে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করে এ অভিযোগ করা হয়।
গত ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম পর্বের ভোট হয় এ ইউনিয়নে। ভোট গ্রহণ চলাকালে সংঘর্ষের পর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। একটি কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের পাঁচ সমর্থক নিহত হন। এ ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কাজ করার অভিযোগ তোলে।
গতকালের ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ নেতারা ও আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন অভিযোগ করেন, অতিরিক্ত সচিব ও মেট্রোরেলের প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের চাচাতো ভাই। নির্বাচনকে প্রভাবিত করতে তিনি স্থানীয় প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছেন। এ সময় মঠবাড়িয়া থানার তিন উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান, আলতাফ হোসেন ও নকিব আকরাম হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
হারুন অর রশিদ অভিযোগ করেন, থানায় দুই পক্ষ দুটি মামলা করলেও পুলিশ রহস্যজনক কারণে শুধু আওয়ামী লীগ প্রার্থীর লোকজনকে হয়রানি করছে।
গত বৃহস্পতিবার প্রচারণার সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করে।
পিরোজপুরের এসপি ওয়ালিদ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পুলিশ নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করছে। এ কাজ কার পক্ষে বা বিপক্ষে গেল, তা দেখার বিষয় নয়।
জেলা প্রশাসক খায়রুল আলম শেখ বলেন, ওই ভোটকেন্দ্রে শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
মোফাজ্জেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি নির্বাচনী আচরণবিধি কখনোই লঙ্ঘন করব না। আর নির্বাচন কমিশন ও প্রশাসন আমার কথা শুনবে কেন? তবে ওই এলাকার একজন মানুষ হিসেবে আমি চাইব নির্বাচন সুষ্ঠু হোক।’
গত ২২ মার্চ ধানীসাফা ইউপির উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের কারণে ভোট গ্রহণ বন্ধ করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। সাফা মহাবিদ্যালয় ভোটকেন্দ্রের নৌকা প্রতীকের ৭৪৬টি ভোট বাতিল করা হয়। বাতিল ভোট বৈধ ঘোষণার দাবিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা সড়ক অবরোধ করলে নির্বাহী হাকিমের নির্দেশে গুলি চালায় বিজিবি। এ ঘটনায় পাঁচজন নিহত হন।