প্রশিক্ষিত নেতা-কর্মীরাই গণতন্ত্রের প্রধান নিয়ামক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারায় আনতে হলে নেতা-কর্মীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। এ মূল্যবোধ কেন্দ্রীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূলের মধ্যেও তৈরি করতে হবে। বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রসংগঠনগুলোকে গণতন্ত্রমুখী করে গড়ে তুলতে হবে। কথার ফুলঝুরি নয়, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে নেতা-কর্মীদের গুণগত মান বৃদ্ধি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। প্রশিক্ষিত নেতা-কর্মীরাই গণতন্ত্রের প্রধান নিয়ামক।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার একটি পাঁচতারকা রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এবং ইউএসএআইডি ও ইউকেএইডের যৌথ অর্থায়নে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনার চলে বিকেল পর্যন্ত। গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার প্রকল্পের সাফল্য উদ্যাপন উপলক্ষে ‘ডেমোক্রেসি চ্যাম্পিয়ন’ শীর্ষক এ সেমিনারে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শামছুন শাহানা রব্বানী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা সুদীপ্ত চৌধুরী, ছাত্রনেতা মো. আব্দুল কাইয়ুম ও তারান্নুম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, প্রায় সবগুলো রাজনৈতিক দলই কেন্দ্র থেকে তৃণমূলের কমিটি গঠন করে দেয়। তাই যাঁরা তৃণমূলে মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের কাজের কোনো মূল্যায়ন হয় না। বিদেশি বিভিন্ন রাষ্ট্রের মতো কেন্দ্রীয় পর্যায়ে স্থান পেতে হলে প্রত্যেক নেতাকে কয়েকটি পর্যায় অতিক্রম করে আসার প্রথা বাংলাদেশেও চালু করা উচিত। তবেই রাজনীতিবিদদের কাছ থেকে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি দলে গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।