প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, সরকার গতবার বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

গতকাল রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘এবারের বাজেট অনেক বেশি উচ্চাভিলাষী। সাড়ে ৫ শতাংশ ঘাটতি; এত ঘাটতি মাথায় নিয়ে প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা কীভাবে সম্ভব? অর্থমন্ত্রী অনেক কষ্ট করে হিসাব মিলিয়ে বাজেট দিয়েছেন। কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে মিল খুঁজে পাই না।’

রওশন এরশাদ বলেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। তাই বিদেশি তো দূরের কথা, দেশের লোকই বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। দেশে জঙ্গিদের উত্থানও বিনিয়োগ না হওয়ার আরেক কারণ।

মন্ত্রিসভায় বিরোধী দলের কয়েকজন আছেন। সে কারণে বাজেট বাস্তবায়নে ব্যর্থতার দায় জাতীয় পার্টি নেবে কি না—জানতে চাইলে রওশন এরশাদ বলেন, ‘সে প্রশ্ন তো আছেই। আলোচনা করে আপনাদের জানাব।’