প্রস্তাবিত বাজেট ব্যয় বৃদ্ধির নতুন অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট করের বোঝা বাড়িয়ে জনগণের জীবনকে দুর্বিষহ করবে বলে অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলো এই বাজেটকে ব্যয় বৃদ্ধির নতুন অত্যাচার ও দুর্ভোগ বলেও মন্তব্য করেছে।

গতকাল শনিবার পৃথক বিবৃতিতে দলগুলো এ কথা বলেছে। দলগুলো বলেছে, প্রস্তাবিত বাজেটে ধনী–গরিব বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া কালোটাকাকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে কোনো কথাও বলা হয়নি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ভ্যাটের ক্ষেত্রে বড় ধরনের অব্যাহতি দেওয়া হলেও এর চাপ সাধারণ মানুষের ওপর পড়বে। বিশেষ করে যেভাবে কর আরোপ করা হয়েছে, তাতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বাজেট কর্মসংস্থান সম্পর্কেও নীরব। কর্মসংস্থানের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই।

জাতীয় সমাজতান্ত্রিক দল (আম্বিয়া-প্রধান) বিবৃতিতে বলেছে, দেশে যতটুকু উন্নয়ন হচ্ছে, তার সিংহভাগ খেয়ে ফেলছে দুর্নীতি ও কালোটাকার দাপট। এ বিষয়ে সরকার সুস্পষ্ট ও কার্যকরী পদক্ষেপ না নিলে সমতা ও ন্যায়বিচারভিত্তিক উন্নয়ন ‘সোনার হরিণ’ হিসেবে অধরাই থেকে যাবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রস্তাবিত বাজেটকে ‘ব্যয় বৃদ্ধির নতুন অত্যাচার ও দুর্ভোগ সৃষ্টির’ দলিল হিসেবে আখ্যায়িত করেছে। বিবৃতিতে দলটি বলেছে, এই বাজেট স্বল্প আয়ের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন ও দুর্বিষহ করে তুলবে।

জাতীয় মুক্তি কাউন্সিল বলেছে, সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করার কারণে এই বাজেট জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে। ‘উন্নয়নের’ নামে বরাদ্দ বাজেটের বড় অংশই যে ক্ষমতাসীনদের দুর্নীতি ও লুটপাটের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।