
টানা অবরোধে সহিংসতায় প্রাণ দিলেন আরও চার নিরীহ ব্যক্তি। তাঁদের মধ্যে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় পানবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় মারা যান ব্যবসায়ী শহীদুল ইসলাম ও চালকের সহকারী ইমরান হোসেন। ইমরান বিকম প্রথম বর্ষেরও ছাত্র ছিলেন। রাজশাহীতে ককটেল হামলায় মারা যান ট্রাকচালকের সহকারী মিন্টু। আর দীর্ঘ ১৮ দিন দুঃসহ যন্ত্রণা ভোগের পর ঢাকায় মারা যান পুলিশ কনস্টেবল মো. শামীম মিয়া।
একই দিন গাজীপুরে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতার বাড়ির গ্যারেজে আগুন এবং পিরোজপুরে জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর আগের রাতে বগুড়ায় একটি ফিলিং স্টেশনে চালানো হয় পেট্রলবোমা হামলা। বরিশালে পুলিশি পাহারার মধ্যেই গাড়িবহরে হামলাসহ সহিংসতার ঘটনা ঘটেছে আরও কয়েকটি জেলায়।
এদিকে রাজধানীর মিরপুরে গতকাল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল অজ্ঞাতনামা এক যুবক (২২) নিহত হয়েছেন। তা ছাড়া যাত্রাবাড়ীতে গত বুধবার র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই যুবকের নামও গতকাল জানা গেছে। তাঁরা হলেন শাখাওয়াত হোসেন (১৯) ও মুজাহিদুল ইসলাম (৩৩)।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ৩১তম দিন ছিল গতকাল। ৭২ ঘণ্টা হরতাল শেষে ডাকা ৩৬ ঘণ্টা হরতালেরও শেষ দিন ছিল কাল। রাত একটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০টি গাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগ এবং অন্তত তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। নাশকতার আশঙ্কায়, সহিংসতায় জড়িত সন্দেহে এবং মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় দুই শতাধিক ব্যক্তিকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে টানা এই অবরোধ কর্মসূচি চলছে। তবে এর দুই দিন আগেই সহিংসতার শুরু। সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৬ জন। আহত সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৪৫৭টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৪৯০টি।
নয়াবাজারে ট্রাকে আগুন: পুরান ঢাকার নয়াবাজারে গতকাল সন্ধ্যায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গত বুধবার গভীর রাতে বাড্ডার সাতারকুলে পেট্রলবোমা তৈরির সময় বিস্ফোরণে মো. কাজল (২৫) নামের এক যুবকের দুই হাত ও মুখ পুড়ে গেছে। গতকাল সন্ধ্যায় র্যাব হেফাজতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে জানান, বুধবার গভীর রাতে সাতারকুলে একটি মেসে পেট্রলবোমা বানানোর সময় বিস্ফোরণে কাজল দগ্ধ হন। খবর পেয়ে র্যাব-১-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।
গতকাল সন্ধ্যায় গুলশান ২ নম্বরে ডিসিসি মার্কেট কাঁচাবাজারের সামনে পর পর দুটি, প্রায় একই সময় বনানীর বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়।
আটক ৭৬: গত বুধবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত পুলিশ নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ৭৬ জনকে গ্রেপ্তার করেছে।
বগুড়ায় পেট্রলবোমায় নিহত ২: বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথাসংলগ্ন বেলাইল এলাকায় একটি পানবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা হয়েছে। গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে এ হামলায় ব্যবসায়ী শহীদুল ইসলাম (৩৮) ও চালকের সহকারী ইমরান হোসেন (২১) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়েছেন আরেক ব্যবসায়ী মামুনুর রশীদ (৪৬)। তবে বেঁচে গেছেন ট্রাকচালক পলাশ হোসেন (৪৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহের শেখপাড়া থেকে গত বুধবার রাতে পান নিয়ে ব্যবসায়ী শহীদুল ট্রাকটিতে দিনাজপুরের নবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। বগুড়ায় গতকাল ভোরে সামনে থেকে ট্রাকটিতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়। চালক পলাশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি খালি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ট্রাকটির। এ সময় বাসগুলোতেও আগুন ধরে যায়।
অগ্নিদগ্ধ ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসায়ী শহীদুল ইসলাম। অগ্নিদগ্ধ অবস্থায় ইমরান হোসেন ও মামুনুর রশীদকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান ইমরান হোসেনও।
শহীদুলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বনতেঘড়ী, ইমরান ও পলাশের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর এবং মামুনের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাজিপুর গ্রামে।
হাসপাতালের অস্থায়ী বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার শহীদুল্লাহ দেওয়ান প্রথম আলোকে জানান, ভোর পাঁচটার দিকে পুলিশ অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে আনে। তাঁদের মধ্যে শহীদুল ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত ইমরান হোসেনের শ্বাসনালিসহ ৬০ শতাংশ ও মামুনের ৩০ শতাংশ পুড়ে যায়। সাড়ে সাত ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর ইমরান মারা যান। মামুনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রাজশাহীতে ককটেল হামলায় একজন নিহত: রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় গত রাতে একটি পণ্যবাহী ট্রাকে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী মিন্টু (৩৫) ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে মারা যান। তাঁর বাড়ি চারঘাটের টাঙন এলাকায়। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, রাত আটটার দিকে চট্টগ্রামগামী ওই ট্রাকে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। একটি ককটেল মিন্টুর মাথায় লাগে। বাঁচার জন্য তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নামলে ট্রাকের পেছনের চাকার পিষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে চালক বেঁচে গেছেন। মিন্টুর লাশ ঘটনাস্থলে রয়েছে।
চলে গেলেন কনস্টেবল শামীম: দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল মো. শামীম মিয়া (২৮)। গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১৭ জানুয়ারি মৎস্য ভবনের কাছে পুলিশবাহী বাসে পেট্রলবোমা হামলায় তিনিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছিলেন। ওই দিনই আশঙ্কাজনক অবস্থায় শামীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান শামীম। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাঁর লাশ গাইবান্ধার পলাশবাড়ীর কুমিতপুরে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
শামীমের ভগ্নিপতি হাবিবুর রহমান বলেন, তিন বছর আগে বিয়ে করেছিলেন শামীম। স্ত্রী বিলকিস আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই শামীম চলে গেলেন। চার ভাইবোনের মধ্যে শামীম ছিলেন তৃতীয়। ২০০৬ সালের ডিসেম্বরে তিনি কনস্টেবল পদে যোগ দেন।
গাজীপুরে ট্রেনে আগুন: গাজীপুরের জয়দেবপুর জংশনে গতকাল সকালে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থাপনা ও যাত্রীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রীদের ওঠার সময় ট্রেনের পেছনের দিকে একটি বগিতে আগুন দেখা যায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম মমিন (২৫)। তিনি শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।
ফিলিং স্টেশনে পেট্রলবোমা: বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় এলাকায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরণ ফিলিং স্টেশনে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনটির অফিসকক্ষ ও অকটেন সরবরাহের একটি যন্ত্র আগুনে পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও পুলিশের সম্মিলিত চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক জানান, পুলিশ ফাঁকা ১০টি গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ হামলার ঘটনায় জেলার ৪২টি পেট্রলপাম্পের নিরাপত্তায় পুলিশ সুপারের কার্যালয়ে পেট্রলপাম্প মালিকদের সঙ্গে এক জরুরি বৈঠক করেছে প্রশাসন। প্রতিটি পাম্পের নিরাপত্তায় মালিকদের উদ্যোগে এখন থেকে ১০ জন করে কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত হয় বৈঠকে।
ঢাকার বাইরের আরও চিত্র: বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পুলিশি পাহারার মধ্যেই যানবাহনের বহরে দুই দফা হামলা হয়েছে। বুধবার রাত সোয়া ১০টায় এ হামলার সময় একটি দূরপাল্লার বাস ও দুটি ট্রাকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বহরটিতে বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাসহ বিভিন্ন রুটের অর্ধশতাধিক যানবাহন ছিল।
বগুড়ার দুপচাঁচিয়া বিদ্যুৎকেন্দ্রে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চারটি পেট্রলবোমার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কেন্দ্রের ট্রান্সফরমার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে সাময়িক বিদ্যুৎ চলে যায়। হামলার পর বিদ্যুৎ বিভাগের লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করে।
পিরোজপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী নূরুজ্জামানের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। তাঁর মেয়ে গাজী তানজিয়া জানান, বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেল আরোহী সাত-আটজন শহরের কলেজ সড়ক এলাকায় তাঁদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে যায়। তাঁর বাবা বাড়িতে ছিলেন না।
একই রাতে কাউখালী উপজেলার আমড়াজুড়ি ফেরিঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন এবং মঠবাড়িয়া উপজেলায় একটি কাঠবোঝাই ট্রাক ও একটি বাস কাউন্টারে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ভুঁইয়ার বাড়ির গ্যারেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে ছোট ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে গ্যারেজে থাকা একটি প্রাইভেট কার পুড়ে গেছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবীদের চেম্বার ভবনের সামনে গতকাল দুপুরে ককটেল বিস্ফোরণে ভবনটির একটি বাথরুমের কাচ ভেঙে গেছে।
চট্টগ্রামের ষোলশহর এলাকায় গতকাল দুপুরে শিক্ষা বোর্ড অফিসের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
সিলেট নগরের লামাবাজারে বুধবার রাতে পুলিশের রিকুইজিশন করা একটি গাড়িতে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
নাটোরের ঢাকা-নাটোর মহাসড়কের আহম্মদপুর ব্রিজের কাছে গতকাল ভোরে পেট্রলবোমা ছুড়ে একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কুমিল্লার নাঙ্গলকোটের তুগুরিয়া এলাকায় গতকাল ভোরে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে একটি পেট্রলবোমাসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাঁরা হলেন নজরুল ইসলাম ফয়েজ ও মো. মনিরুল ইসলাম। গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল বিকেলে খড়িবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}