প্রাণভিক্ষার আবেদন নিয়ে উদ্বেগ ছিল আ.লীগ নেতাদেরও
প্রভাবশালী দুজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি এসেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও। গত শনিবার সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার পর উদ্বেগ, উৎকণ্ঠা, খানিকটা অনিশ্চয়তাও তৈরি হয় আওয়ামী লীগের কোনো কোনো নেতা-মন্ত্রীর মধ্যে।
আওয়ামী লীগের দুজন মন্ত্রী ও কয়েকজন দায়িত্বশীল নেতা দুজন যুদ্ধাপরাধীর ফাঁসিকে ঘিরে চলা গত কয়েক দিনের ঘটনা প্রবাহকে ‘রুদ্ধশ্বাস অবস্থা’ বলে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে সরকারের অনেক মন্ত্রী-নেতা কী হতে যাচ্ছে, তা জানতে একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কিন্তু কেউ সঠিক তথ্য
দিতে পারছিলেন না। ফলে অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়। অনেক নেতা-মন্ত্রী প্রতিক্রিয়া-বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তখন সতর্কতা অবলম্বন করেন।
দুজন কেন্দ্রীয় নেতা বলেন, বেলা দুইটার পর থেকে নানা ঘটনাপ্রবাহ থেকে রুদ্ধশ্বাস অবস্থার সৃষ্টি হয়। এরপর দুজন যুদ্ধাপরাধীর পরিবারকে ডেকে পাঠানোর পর অনিশ্চয়তা কমতে থাকে। রাত সাড়ে নয়টার মধ্যেই তাঁরা জেনে যান যে রাষ্ট্রপতি ক্ষমা করছেন না। রাত ১০টার পর অধিকাংশ নেতার কাছেই খবর পৌঁছে যায় যে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন। ১১টার দিকে নিশ্চিত হয়েই ঘুমাতে যান এ দুই নেতা।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, দুজন যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মাধ্যমে সরকার ও বাংলাদেশের জনগণ সক্ষমতা দেখিয়েছে। অঙ্গীকার রক্ষার দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করার ব্যাপারে সব সময়ই অবিচল ছিল এবং আছে।
একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মুজাহিদের চেয়ে সাকা চৌধুরীর ফাঁসি নিয়েই বেশি আলোচনা ছিল আওয়ামী লীগে। এর মূল কারণ, সাকার পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ব্যাপক তৎপরতা। এ ছাড়া আওয়ামী ঘরানারও কেউ কেউ সাকা চৌধুরীর প্রতি সহানুভূতিশীল ছিলেন। সব মিলিয়ে একটা সন্দেহ, অবিশ্বাস ও অনিশ্চয়তা ছিল বিচারের প্রক্রিয়ার শুরু থেকেই। এর আগে কোনো যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করার কারণে সাকা ও মুজাহিদের বিষয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।
সরকার ও দলের নীতিনির্ধারণী একটি সূত্র জানায়, সাকা চৌধুরীর প্রতি দুর্বল—এমন ব্যক্তিদের গতিবিধি নজরে রেখেছিলেন আওয়ামী লীগেরই একাধিক নেতা। প্রাণভিক্ষায় ফাঁসি আটকে যেতে পারে—এমন শঙ্কা থেকে অনেকে শনিবার দিনভর নানা তৎপরতা চালান। এর মধ্যে সাকা ও মুজাহিদের অপরাধ ক্ষমার অযোগ্য এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে যাতে ক্ষমা করা না হয়, সে বিষয়ে গণমাধ্যমে বক্তৃতা-বিবৃতি আসতে শুরু হয়। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মত দেন, যুদ্ধাপরাধীদের প্রাণভিক্ষায় রাষ্ট্রপতির কিছু করার নেই। লন্ডন থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও ফাঁসি বহাল রাখার পক্ষে মত দেন। এসব বক্তব্য আওয়ামী লীগ নেতাদের তৎপরতার অংশ বলে সূত্র জানায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের ফলে সরকার এখন নির্ভার হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে পূর্ণ মনোযোগ দিতে পারবে। সাম্প্রতিক একাধিক বিদেশি হত্যা ও ধারাবাহিক হামলার কারণে সরকার বেকায়দায় পড়ে যায়। দুজন যুদ্ধাপরাধীর ফাঁসির ক্রিয়া-প্রতিক্রিয়া হয়তো আরও কিছুদিন থাকবে। তবে সরকার এ নিয়ে বিচলিত নয়। কারণ, এখন যেকোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দেওয়া যাবে।