প্রাণহানি এড়াতে আওয়ামী লীগের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনেক এলাকায় ক্ষমতাসীন দল ও প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, কারচুপি, হানাহানি ও জবরদস্তির মাধ্যমে ফল পক্ষে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই আওয়ামী লীগের। নির্বাচনে সংঘাত ও বিপুল প্রাণহানি নিয়ে অস্বস্তি রয়েছে। তাই পরবর্তী তিন ধাপের নির্বাচনে কীভাবে প্রাণহানি এড়ানো যায়, সে ব্যাপারে দলের মাঠপর্যায়ের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে দলের এ অবস্থানের কথা জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতা বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের যে লক্ষ্য ছিল, তা অনেকটাই পূরণ হয়ে গেছে। প্রথম তিন পর্বে ৭০ শতাংশের বেশি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদের প্রার্থী জয়ী হয়েছেন। ভোট শুরুর আগেই বিএনপি ও জামায়াতের প্রার্থীদের অনেকে মাঠছাড়া হয়ে পড়েন। প্রথম দুই পর্বে শক্তি প্রয়োগ করার পর দল দুটি আরও হাল ছেড়ে দেয়।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপি-জামায়াতের এখন যে অবস্থা, তাতে পরবর্তী পর্বগুলোতে শক্তি প্রয়োগ না করলেও মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা। এ জন্যই প্রাণহানি ও বিতর্ক এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপির ভোট হবে। এর আগে তিন পর্বে সারা দেশে ১ হাজার ৯৬৫টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা প্রায় ১ হাজার ৪০০টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ভোটকে কেন্দ্র করে এ পর্যন্ত ৫২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল তৃতীয় পর্বের ভোট গ্রহণের আগে নির্বাচন কমিশনে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বার্তা দেয়।
ইউপি নির্বাচন তদারকির সঙ্গে যুক্ত দুজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তৃতীয় ধাপে এসে সংঘাত পরিহারের নির্দেশনা ছিল নেতা-কর্মীদের প্রতি। তবে বিরোধী দলকে মাঠে থাকার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি মাঠের কর্মীদের।
এ নির্বাচনে দলের হয়ে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে আওয়াজ ছাড়া বিজয়। এটাই বলা হয়েছে নেতা-কর্মীদের। প্রশাসনকেও সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, প্রথম দুই পর্বের তুলনায় তৃতীয় পর্বে প্রাণহানি কম হয়েছে। তাঁরা চাচ্ছেন প্রাণহানির ঘটনা না ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনতে। এ কারণে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট বা বিনা রক্তপাতে প্রতিপক্ষকে মাঠছাড়া করার অভিযোগ বড় করে দেখতে নারাজ তাঁরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, নির্বাচনের ফলাফল ও ভোট গ্রহণের প্রক্রিয়া সন্তোষজনক। দলীয় প্রতীকে প্রথম নির্বাচন এটা। তাই শুরুতে কিছুটা সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তৃতীয় পর্বে সেটা কমেছে। সামনে আরও কমে যাবে।
জোরজবরদস্তি করে আওয়ামী লীগের প্রার্থীদের জেতার অভিযোগ প্রসঙ্গে কাজী জাফর উল্যাহ বলেন, ‘গত কয়েকটা নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে যে, দেশে নৌকা সবচেয়ে জনপ্রিয় প্রতীক। এর পরও কেন জবরদস্তি করতে যাব।’
প্রথম তিন ধাপে ভোটের রাজনীতিতে বিএনপি ও জামায়াত-অধ্যুষিত হিসেবে পরিচিত ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার ছিল। নোয়াখালীতে এ পর্যন্ত ৩৯টি ইউপির ভোট হয়েছে। বিএনপি-জামায়াত একটিতেও জিততে পারেনি। এ জেলায় ২০১১ সালের নির্বাচনে বেশির ভাগ ইউপিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। সাতক্ষীরায় ৭৮টির মধ্যে বিএনপি ৯টিতে ও জামায়াত ১টিতে জিতেছে। আগেরবার বিএনপি-জামায়াত ৬৬টিতে জয়ী হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জে অতীতে বিএনপি ও জামায়াত সংখ্যাগরিষ্ঠ হলেও এবার ২৪টির মধ্যে বিএনপি ২টি এবং জামায়াত ৩টিতে জয়ী হয়েছে। বগুড়ার ৫১টির মধ্যে বিএনপি কেবল ৫টি ও দলটির বিদ্রোহী প্রার্থীরা ৫টিতে জয়ী হয়েছেন। ২০১১ সালে বগুড়ার ৯০ শতাংশই বিএনপির ছিল।
এই তিন ধাপে জবরদস্তি, কেন্দ্র দখল ও জাল ভোটের বিভিন্ন ঘটনা নিয়ে এ প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপে আওয়ামী লীগের দায়িত্বশীল অন্তত তিনজন নেতা হতাশা প্রকাশ করেছেন। দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউপি নির্বাচনে যে জবরদস্তি হয়েছে, তা খারাপ নজির হিসেবে থাকবে। আজকের দিনে ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তা-ও বেশির ভাগ নিজেদের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে প্রাণহানির বিষয়টি সরকার ও আওয়ামী লীগ গুরুত্বসহকারে নিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের নেতা-কর্মীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তৃতীয় পর্বের ভোটে সহিংসতা কম হয়েছে। আগামী দিনে আরও কমে যাবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন কেন্দ্রীয় নেতা বলেন, ভোটের ফলটাকেই তাঁরা বড় করে দেখছেন। ভোট কেমন হয়েছে, সেটা মানুষ বেশিদিন মনে রাখে না। তিনি বলেন, গত বছর মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জরিপে সরকার ও আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখানো হয়েছে ৭০ শতাংশের কাছাকাছি। ইউপি নির্বাচনে এর প্রতিফলন না থাকলে সরকার ও দলের জন্য তা বিব্রতকর হতো। এ জন্য প্রতিটি নির্বাচন আওয়ামী লীগ খুব গুরুত্বসহকারে নিয়েছে।