প্রাণের উত্তাপ আর জৌলুশে ভরা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল পৌনে নয়টা। বাসা থেকে বের হয়ে মগবাজার মোড়ে যেতেই দেখি, কয়েকজন দলীয় কর্মী দাঁড়িয়ে আছেন এবং সেলফোনে কথা বলছেন। সবার গলায় স্বেচ্ছাসেবকের ব্যাজ। জিজ্ঞেস করি, সম্মেলনে যাচ্ছেন কখন? আমানুর নামের একজন বললেন, নেতার অপেক্ষায় আছেন। নেতা এলেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন। রেড ক্রিসেন্ট হাসপাতাল পার হতে দেখলাম, আরেকটি দল এগোচ্ছে। জানতে চাইলাম, কোথা থেকে এসেছেন? একজন বললেন, নীলফামারীর জলঢাকা থেকে। একটি উপজেলা থেকেই এসেছেন দেড় শ জন। শেরাটনের দিকে শাহবাগ মোড় পার হতে কয়েকজন নারী প্রতিনিধির সঙ্গে দেখা। তাঁরাও সদলবলে যাচ্ছেন সম্মেলনে। একজন নিজের পরিচয় দিলেন নুর সাবা। তাঁর স্বামী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তাঁরা এসেছেন দিনাজপুর থেকে।

গতকাল যেন সব পথ এসে মিলেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করার কথা থাকলেও ভোর থেকেই চার দিক থেকে জনস্রোত দেখা যায় সেখানে নির্মিত নৌকাকৃতির বিশাল মঞ্চের দিকে, যাদের বেশির ভাগই তরুণ। বাইরে থেকে অনেকে আগেভাগে ঢাকায় এসেছেন। এই সুযোগে রাজধানীটাও একচক্কর দেখে যাওয়া।

আওয়ামী লীগের এবারের সম্মেলনটি যে বেশ জাঁকজমকপূর্ণ হবে, সে কথা আয়োজকেরা আগেই জানান দিয়েছিলেন কয়েক দিন ধরে সড়কের আইল্যান্ডে আলোকসজ্জা করে এবং তারও আগে থেকে দেশের বিভিন্ন স্থানে বড় বড় ডিজিটাল ফলক, প্ল্যাকার্ড ও ব্যানার টানিয়ে। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকার বাইরেও ছিল সাজ সাজ রব। যেখানে গিয়েছি সম্মেলনের ফলক, ব্যানার, পোস্টার চোখে পড়েছে। আর উদ্বোধনী অনুষ্ঠানটি সর্বতোভাবে আড়ম্বরপূর্ণ করতে নেতাদের চেষ্টার কমতি ছিল না। মাস খানেক ধরেই প্রস্তুতি চলছিল। গতকাল ঢাকার অনেক সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সাধারণ মানুষ, দলের সমর্থক হোন বা না হোন, সেই ধকলটা মেনে নিতে রাজি আছেন। তাঁরা চান রাজনৈতিক দলের সম্মেলনের মতো দেশের রাজনীতিটাও সুস্থ হোক। সবাই কথা বলার সুযোগ পাক।

সম্মেলনে কত লোক হয়েছিল? সঠিক তথ্য না পেলেও ধারণা করা যায়, ৫০-৬০ হাজারের কম হবে না। আয়োজকেরা বলছেন, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথির বাইরে কাউন্সিলর ছিলেন সাড়ে ছয় হাজার। আরও সাড়ে ছয় হাজার প্রতিনিধি। এর বাইরে হাজার তিরিশেক স্বেচ্ছাসেবক এসেছেন। সব মিলিয়ে ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় দলগুলোর যেকোনো সমাবেশে স্থানীয় নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, কে কত বেশি কর্মী নিয়ে যেতে পারেন। এখানেও তার ব্যতিক্রম হয়নি। আয়োজন, উপস্থিতি, প্রচারের ধরন দেখে অনেকেই মনে করেন, এটি ছিল সম্মেলনের মোড়কে আওয়ামী লীগের বিশাল শোডাউন। বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরাও বলেছেন, নেতারা তাঁদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। দলের শীর্ষ নেতৃত্ব আগেই ঘোষণা দিয়েছিলেন, এই সম্মেলন যে নেতৃত্ব বেছে নেবে, তাঁরাই ২০১৯ সালে নির্বাচন করবেন। সেই বিবেচনায় গতকালের সম্মেলনজুড়ে কর্মীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য আর নির্বাচনী আমেজ।

আবার অনেকের মতে, একটি সম্মেলনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী রাজধানীর সড়কগুলো আলোকসজ্জায় ডুবিয়ে দেওয়া বাড়াবাড়ি। জৌলুশ লক্ষ করলাম নেতাদের গাড়িবহরেও। দলের তৃণমূলের কর্মীরা বাসে-টেনে কষ্ট করে এলেও নেতারা এসেছেন শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে। গতকাল বিকেল সাড়ে চারটায় মৎস্য ভবনের বিপরীত সড়কটি সম্মেলনে আসা সাধারণ প্রতিনিধি ও কাউন্সিলরদের জন্যও বন্ধ ছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্ত্রী-সাংসদদের গাড়ি ছাড়া এই সড়ক দিয়ে কেউ যেতে পারবেন না। ফলে তাঁরা হতাশ হয়ে ফিরে যান। যদিও তখনো তাঁদের গলায় কাউন্সিলর ও প্রতিনিধি কার্ড ঝুলছিল। দেখা যাচ্ছে, দেশের বৈষম্যটা দলের গায়েও এসে লেগেছে!

সম্মেলনে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে না গিয়ে আমি বসেছিলাম সাধারণ প্রতিনিধি ও কাউন্সিলরদের সারিতে। সেখানে চেয়ারের চেয়ে অভ্যাগতদের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মনোভাবটা আমি বোঝার চেষ্টা করি। তাঁরা আওয়ামী লীগ বলতে নেত্রীকে বোঝেন। নেত্রী যা বলবেন, তা পালন করতে জীবন দিতেও প্রস্তুত আছেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের গুঞ্জনে অনেকেই হতবাক।

আওয়ামী লীগের যেকোনো সভা-সমাবেশ থেকে গতকালের সম্মেলনটি ছিল বেশ শৃঙ্খলাপূর্ণ। অনেকে দূর-দূরান্ত থেকে এসেও বসার জায়গা পাননি। এ নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও কেউ অসহিষ্ণুতা দেখাননি, হই চই করেননি। অনেকে জ্যেষ্ঠ প্রতিনিধিদের বসার জায়গা করে দিতে প্যান্ডেলের বাইরে চলে গেছেন। সম্মেলনের শান্ত ও সুস্থির পরিবেশ দেখে এক সাংবাদিক বন্ধু বললেন, আওয়ামী লীগের কর্মীরা যদি সম্মেলনের বাইরে এই সহনশীলতা দেখাতেন, তাহলে সমস্যা-সংকট অনেক কমতো।

সম্মেলনের প্রথম অধিবেশন ছিল অনেকটা আনুষ্ঠানিক। দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বাইরে কেবল বিদেশি অতিথিরা কথা বলেছেন। কিন্তু বিকেলে নির্ধারিত যে কজন দলীয় প্রতিনিধি কথা বললেন, তাতে ছিল স্তুতির সুর। দলীয় সভানেত্রী তৃণমূলকে দলে প্রাণশক্তি হিসেবে আখ্যায়িত করলেও স্থানীয় নেতারা বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্বের বন্দনায় ব্যস্ত ছিলেন। কেউ তৃণমূলের কথা বললেন না!

সড়কের মোড়ে মোড়ে ডিজিটাল বাংলাদেশের বড় বড় ফলক লাগানো হয়েছে জনগণকে সচেতন করতে। প্রায় প্রতিটি ফলকে ২০২১ ও ২০৪১-এর উপযোগী বাংলাদেশ করার প্রত্যয় আছে। কিন্তু আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের বক্তৃতায় ডিজিটাল আমেজ পেলাম না। একজন প্রতিনিধি বিএনপিকে আর মাঠে নামতে দেবেন না বলেও হুমকি দিলেন।

কেউ যদি জিজ্ঞেস করেন, আওয়ামী লীগের সম্মেলনের প্রধান আকর্ষণ কী ছিল? অনেকে বলবেন, কেন, দলের সভানেত্রী শেখ হাসিনা। কেউ কেউ সজীব ওয়াজেদ জয়ের নামও বলতে পারেন। কিন্তু সম্মেলনে আসা প্রত্যেক প্রতিনিধি, কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকের সেলফোনটি তালাশ করলে এই প্রশ্নের ভিন্ন জবাব পাবেন, ‘সেলফি’।

আজ দ্বিতীয় দিন আওয়ামী লীগের কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সেখানেও কি সেলফির প্রতিযোগিতা থাকবে?