ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাঁদের হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। দেরি করে আসায় গত রোববার এক ছাত্রীকে হলে ঢুকতে না দেওয়ায় তাঁরা এ বিক্ষোভ করেন।
ছাত্রীরা বলেন, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য দোলনচাঁপা নামের একটি মাত্র হল রয়েছে। এ হলে প্রায় ২৫০ ছাত্রী বসবাস করেন। ছাত্রীদের রাত আটটার মধ্যে হলে ঢুকতে হয়। গত রোববার একজন ছাত্রী রাত নয়টায় হলে আসায় প্রাধ্যক্ষ আলফারুন্নাহারের নির্দেশে তাঁকে হলে ঢুকতে দেওয়া হয়নি।
হলের কয়েকজন ছাত্রী বলেন, ওই ছাত্রী প্রতিদিন ময়মনসিংহ শহরে গিয়ে গৃহশিক্ষকতা করেন। গত রোববার রাতে পড়ানো শেষে ফিরতে তাঁর দেরি হয়ে যায়। এরপর রাতে তাঁকে হলে ঢুকতে দেওয়া হয়নি।
এ ঘটনাটি জানাজানি হলে গতকাল সোমবার ভোরে ছাত্রীরা হলের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সকাল সাড়ে নয়টার দিকে আলফারুন্নাহারের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন। পরে উপাচার্য মোহীত উল আলমের কাছে প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যান। কিন্তু উপাচার্য তা গ্রহণ করেননি। বেলা দেড়টার দিকে প্রাধ্যক্ষ ছাত্রীদের উদ্দেশে আবারও ঘোষণা দেন, রাত আটটার পর কোনোভাবেই হলে ঢোকা যাবে না।
বিক্ষোভকারী ছাত্রীরা অভিযোগ করেন, নিয়মের কড়াকড়ি নামে ছাত্রীদের ওপর একধরনের নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহ শহরে গেলে সাধারণত বিশ্ববিদ্যালয়ের বাসে আসা-যাওয়া করেন। সর্বশেষ বাস রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসে আসে। কিন্তু ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা রাত আটটা পর্যন্ত। হলের ছাত্রীদের অনেকের আর্থিক অবস্থা ভালো নয়। তাঁরা ময়মনসিংহ শহরে গৃহশিক্ষকতা করেন। রাত আটটার মধ্যে ফিরতে না পারলে তাঁদেরও হলে ঢুকতে দেওয়া হয় না।
আলফারুন্নাহার বলেন, আগে থেকেই নিয়ম ছিল রাত আটটার মধ্যে ছাত্রীদের হলে ঢুকতে হবে। আগে বিশেষ কারণে নিয়ম শিথিল করা হতো। তবে বর্তমান পরিস্থিতিতে ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার রাতে এক ছাত্রীকে ঢুকতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ছাত্রী নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে আসায় তাঁকে শাস্তিমূলকভাবে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। পরে তাঁকে ঢুকতে দেওয়া হয়।