রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকের পদত্যাগ দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এর আগে গত সোমবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন ও সহকারী আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রীরা।
ছাত্রীরা জানান, দুই দিনেও দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা গতকাল প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন অবস্থান কর্মসূচিতে এসে ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরে ডাকেন। উপাচার্যের আশ্বাসে তাঁরা হলে ফিরে যান।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এর আগে তাঁদের সমস্যাগুলোর বিষয়ে জানতাম না। আস্তে আস্তে তাঁদের সমস্যাগুলো সমাধান করা হবে।’
ছাত্রীদের অভিযোগ, তাদের কোনো সমস্যা প্রাধ্যক্ষ বা আবাসিক শিক্ষিকা না শুনে দুর্ব্যবহার করেন।
প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিনের দাবি, ‘আমি দায়িত্ব নেওয়ার পর হলের বেশ কিছু অনিয়ম ও দুর্নীতি বন্ধ করেছি। তাই একটি পক্ষ শিক্ষার্থীদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে।’
বিশাল বাংলা
রাজনীতি