প্রার্থিতা নিয়ে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-৬ আসনে বিএনপি ও গণফোরাম থেকে দলীয় মনোনয়ন পাওয়া তিনজনেরই প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু বিএনপি আসনটি ঐক্যফ্রন্টের শরিক গণফোরামকে ছেড়ে দিতে পারে বলে আলোচনা আছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে।

পুরান ঢাকার ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর থানা এবং কোতোয়ালি ও বংশাল থানার একাংশ নিয়ে ঢাকা-৬ আসন। আসনটির মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ২৭৬। মোট কেন্দ্র ৯৮টি। বর্তমান সাংসদ জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। গত নির্বাচনের মতো এবারও এই আসনটিতে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তাই দলটির মিত্র জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এখানে নির্বাচন করবেন, তা অনেকটাই নিশ্চিত। সর্বশেষ ২০০৮ সালে বিএনপির হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির এই প্রভাবশালী নেতার অনুপস্থিতিতে আসনটি থেকে প্রার্থিতা প্রত্যাশা করেছিলেন তাঁর ছেলে ইশরাক হোসেনসহ ১১ জন। দল থেকে ইশরাক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। দুজনেরই প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিএনপি সূত্র জানায়, ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি চট্টগ্রাম-১৪ ও ঢাকা-৬ আসনের মধ্যে যেকোনো একটিতে ঐক্যফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। কিন্তু চট্টগ্রাম-১৪ আসনটি বিএনপির আরেক মিত্র ২০–দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে ছাড়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে
সুব্রত চৌধুরীর জন্য একমাত্র বিকল্প হিসেবে থাকছে ঢাকা-৬ আসন।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, তাঁরা নিজ দলের প্রার্থীকেই অগ্রাধিকার দেবেন। কিন্তু সুব্রত চৌধুরী ঐক্যফ্রন্টের প্রভাবশালী নেতা হওয়ায় ঢাকা–৬ আসন শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে হতে পারে। শেষ পর্যন্ত আসনটি গণফোরামকে ছেড়ে দিলে মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা বলেছেন, আসনটি কোনোভাবেই ছাড়তে রাজি নন অসুস্থ সাদেক হোসেন খোকা। তিনি ছেলে
ইশরাককে প্রতিষ্ঠা করতে মরিয়া। কারণ এবার আসনটি হাতছাড়া হলে এলাকায় তাঁর পরিবারের প্রভাব কমতে পারে।

আরেক নেতা বলেন, নিজ দল থেকে প্রার্থী দেওয়া হলে তৃণমূলের নেতা-কর্মীদের তাঁর প্রতি বেশি আন্তরিকতা থাকবে এটিই স্বাভাবিক। কিন্তু বর্তমান দলের যে অবস্থা তাতে কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাঁর মতে, স্থানীয় নেতা-কর্মীর অধিকাংশের নামেই মামলা আছে। সবাই এখন গ্রেপ্তার আতঙ্কে। তাই এলাকায় প্রকাশ্যে নির্বাচনী কোনো কার্যক্রমও নেই। গত ১০ বছরে দলটির নেতা-কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে তিনি বলেন, এমন অবস্থায় দলের বাইরে জোটগতভাবে অন্য কাউকে প্রার্থী দিলে নেতা–কর্মীরা কষ্ট পাবেন। কিন্তু ‘বিদ্রোহের’ আশঙ্কা খুব কম।

জানতে চাইলে গেন্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির বলেন, ‘আমাদের প্রার্থী ইশরাক হোসেন। সুব্রত চৌধুরীর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। তবে দল থেকে (কেন্দ্র থেকে) যদি তাঁকে চাপিয়ে দেওয়া হয় কিছু করার নেই।’

সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ বলেন, ‘আমরা তো দলীয় প্রার্থীই চাই। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, শেষ পর্যন্ত তাঁর পক্ষেই কাজ করতে হবে।’