প্রার্থিতা প্রত্যাহারের আবেদন বিএনপির চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র বৈধ ঘোষণার এক দিন পরেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুর রহমান সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি গত মঙ্গলবার সকালে প্রার্থিতা প্রত্যাহারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদনপত্রে আমিনুর উল্লেখ করেন, পারিবারিক অসুবিধার কারণে তিনি নির্বাচন করতে ইচ্ছুক নন। তবে বিএনপি নেতাদের দাবি, ভয়ভীতির কারণে আমিনুর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
রুকিন্দীপুর ও গোপীনাথপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি আমিনুরের আবেদনপত্রটি গ্রহণ করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, আমিনুর ছোয়াত জামালগঞ্জ বাজারের একজন সফল ব্যবসায়ী। তিনি রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তবে ইউপি নির্বাচন করার তাঁর তেমন আগ্রহ ছিল না।
গত সোমবার রুকিন্দীপুর, গোপীনাথপুর, রায়কালী ও তিলকপুর ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষ দিন ছিল।
ওই দিনই রুকিন্দীপুর ইউপিতে তাঁদের দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করতে চেয়েছিলেন। ওই দিন আমিনুর এ বিষয়ে নির্বাচন-সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন। পরে জেলা ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা তাঁকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আমিনুর রহমানের মুঠোফোনে গতকাল দুপুরে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমিনুর রহমান নির্বাচন করবেন বলেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থী হওয়ার কারণে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে তিনি আমাকে জানিয়েছিলেন।’