বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রের নির্বাচন আগামীকাল সোমবার। গতকাল শনিবার দুপুরে গুঠিয়া সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি লিখিত বক্তব্যে দলীয় চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মাস্টার বলেন, গত ২৮ মে নির্বাচনের দিন গুঠিয়া ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীর পক্ষে জোয়ার ও বিএনপির বিজয় নিশ্চিত দেখে সরকারদলীয় প্রার্থী ও সমর্থকেরা দিশেহারা হয়ে পড়েন। তাঁরা নির্বাচন বানচালের জন্য তিনটি কেন্দ্রে বোমাবাজি ও সন্ত্রাস সৃষ্টি করে অহেতুক নির্বাচন স্থগিত করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়া সাতটি ভোটকেন্দ্রের ভোট গণনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের চেয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাহিন হাওলাদার ৩৩৬ ভোটে এগিয়ে থাকেন। নির্বাচন অফিস স্থগিত ভোটকেন্দ্র ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বইরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করে।
লিখিত বক্তব্যে বিএনপির সভাপতি অভিযোগ করেন, স্থগিত ভোটকেন্দ্রে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে নিজেরাই বোমা ফাটিয়ে সন্ত্রাস সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করছে। এ ছাড়া প্রচারণায় বাধা ও গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ প্রশাসনের অব্যাহত হুমকির মুখে বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা হলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ, বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহিন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেদের ভরাডুবি নিশ্চিত জেনে মিথ্যা অভিযোগ এনে বিএনপি প্রার্থিতা প্রত্যাহার করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বিএনপি সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে। কোনো সত্যতা নেই।
গুঠিয়া ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৫৮৩। এর মধ্যে স্থগিত হওয়া তিনটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা ৫ হাজার ৭১।