চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া আটজন কাউন্সিলর প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচনী আপিল বোর্ডের প্রধান জেলা প্রশাসক সায়মা ইউনুস গতকাল বুধবার দুপুরে তাঁর সম্মেলনকক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
প্রার্থিতা ফিরে পাওয়া আটজন হলেন আলমডাঙ্গার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমান এবং চুয়াডাঙ্গার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের সোহানা সুলতানা, ২ নম্বর ওয়ার্ডের সুফিয়া খাতুন এবং ৩ নম্বর ওয়ার্ডের মাজেদা খাতুন ও শাহানা খাতুন; সাধারণ কাউন্সিলর প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ৫ নম্বর ওয়ার্ডের জানিপ হাসান ও নাসির আহাদ জোয়ার্দ্দার।
তবে আপিলের পরও আলমডাঙ্গা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর হোসেন ও ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রশিদা খাতুনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। আলমগীর হোসেন তাঁর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।