শরীয়তপুরের পাঁচ পৌরসভার চার মেয়র ও ছয় কাউন্সিলর প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে জেলা প্রশাসক তাঁদের প্রার্থিতা ফিরিয়ে দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় সদর পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম, মনোনয়নপত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে না পারায় ডামুড্যা পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হুরমায়ূন কবির এবং মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ভেদরগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী তানিয়া জাহিদ, নড়িয়ার মেয়র প্রার্থী মোসলেহ উদ্দিন ও জাজিরা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন তালুকদারের মনোনয়নপত্র গত রোববার বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ১৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাঁদের মধ্যে ওই পাঁচ মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থিতা ফিরে পেতে গত সোম ও মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই আপিলের শুনানি হয়। আপিল শুনানি শেষে জেলা প্রশাসক রাম চন্দ্র দাস মেয়র প্রার্থী হুপমায়ূন কবির, তানিয়া জাহিদ, খোকন তালুকদার ও মোসলেহ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের আপিল আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া ছয় কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আমি উচ্চ আদালতে যাব। উচ্চ আদালত থেকে আমি ন্যায়বিচার পাব।’
জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় রফিকুল ইসলামের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। কয়েকজন প্রার্থী মনোনয়নপত্রের ত্রুটিগুলো সংশোধন করে আপিল করেছিলেন। তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।