প্রার্থিতা ফিরে পেলেন জাপার মেয়র প্রার্থী
ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় জাতীয় পার্টি (জাপা) সমর্থিত মেয়র প্রার্থী শফিকুজ্জামান জুয়েল প্রার্থিতা ফেরত পেয়েছেন।
নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা শাহনুর আলম খেলাপি ঋণ থাকার কারণে শফিকুজ্জামানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। শফিকুজ্জামান তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্তের প্রতিবাদ করলেও রিটার্নিং কর্মকর্তা তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন।
নান্দাইল উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি হাসনাত মাহমুদ গতকাল বুধবার বলেন, তাঁদের দলের প্রার্থীর পক্ষ থেকে রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা হয়। মঙ্গলবার আপিলটি গৃহীত হয়। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তাঁদের প্রার্থীর আর কোনো বাধা নেই।
জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, শফিকুজ্জামানের আপিল গৃহীত হয়েছে। তাঁর মনোনয়নপত্র বৈধ হওয়ায় নান্দাইল পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছয়ে দাঁড়াল।