প্রার্থী দিতে ব্যর্থ, বিএনপির দুটি কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল সদর উপজেলা বিএনপির আহ্বায়কের স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, পাকুরিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি দলীয় কর্মকাণ্ডে অবহেলা করায় ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ইউপি নির্বাচনে তারা প্রার্থী দিতে ব্যর্থ হয়। ওই দুটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যায়ভাবে উপজেলা বিএনপি এবং ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও সংগঠনবিরোধী কথা প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড নেতাদের ভয়ভীতি দেখিয়েছেন, যা বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপজেলা ও জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন।
পাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হালিম সরকার গতকাল বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রার্থী ঠিক করে উপজেলা বিএনপির কাছে দেওয়া হলেও সেটি গ্রহণ করা হয়নি। এ ছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা বিএনপির আহ্বায়কের ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার কোনো এখতিয়ার নেই।
জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহমুদুল হক বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে আমি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কমিটিকে বলেছি।’