মনোনয়নপত্র সংগ্রহ করার পরও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খান। বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর কাছে তিনি টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানান। নিরাপত্তার কথা বলে গত বৃহস্পতিবার রাত থেকে কাদের খানের বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ ও গোয়েন্দারা।
কাদের খানের দাবি, ‘উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী হওয়ার ইচ্ছা আমার ছিল না। কিন্তু দলের কেন্দ্র থেকে “সিগন্যাল” পেয়েই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মনোনয়নপত্রও সংগ্রহ করি। কিন্তু এখন পরিবর্তিত পরিবেশ-পরিস্থিতিতে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়নপত্র দাখিল করছি না।’
সরকার, প্রশাসন বা দলীয় কোনো চাপের মুখে প্রার্থী না হওয়ার এ সিদ্ধান্ত কি না—জানতে চাইলে জাপার এই সাবেক সাংসদ বলেন, ‘কোনো পক্ষ থেকেই চাপ নেই। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণেই প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
২০০৮ সালের জাতীয় নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কাদের খান। সর্বশেষ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন মনজুরুল ইসলাম। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। তাঁর শূন্য আসনে আগামী ২২ মার্চ উপনির্বাচন হবে। জাতীয় পার্টির পক্ষে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কাদের খান। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত থেকে বগুড়ার রহমান নগরে তাঁর মালিকানাধীন ‘গরীব শাহ ক্লিনিক’ ঘিরে রেখেছে পুলিশ ও গোয়েন্দারা। এই ভবনেরই চতুর্থ তলায় চিকিৎসক স্ত্রী নাছিমা আকতারকে নিয়ে বাস করেন কাদের খান।
এক প্রশ্নের জবাবে কাদের খান বলেন, ‘পুলিশ বাসার ভেতরে-বাইরে অবস্থান নিলেও নির্বাচনে প্রার্থী না হওয়ার ব্যাপারে কোনো কথা বলেনি। তাঁরা বলেছে, শুধু আমার বাসাতেই পুলিশ মোতায়েন করা হয়নি, সুন্দরগঞ্জ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা সবার নিরাপত্তাই জোরদার করা হয়েছে। সবার বাসায়ই পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন পর্যন্ত পুলিশ এভাবে থাকবে।’
কাদের খান জানান, তাঁর গাড়িচালক হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শামিম এবং দলীয় দুজন কর্মীকে আটকে রাখা হয়েছে। তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তো পুলিশই ভালো বলতে পারবে। তবে যাঁদের আটক করা হয়েছে, শনিবার পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।’
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন গত শুক্রবার দাবি করেন, নিরাপত্তার জন্যই সাবেক সাংসদ কাদের খানের বাসাসহ ওই এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাঁর দাবি, জঙ্গি হামলার আশঙ্কায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামও গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাদের খানের ওপর হামলার আশঙ্কা ছিল। তাই নিরাপত্তার জন্য তাঁর বগুড়ার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।