প্রার্থী নিয়ে বিভক্ত আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। গত বুধবার শহরের চাঁচকৈড় বাজারে অবস্থিত দলীয় অফিসে আয়োজিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ সভায় বিষয়টি প্রকাশ পায়।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান অসুস্থ এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা দেশের বাইরে থাকায় যৌথ সভায় উপস্থিত ছিলেন না। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোল্লা, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, ধারারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আলী, খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিমুদ্দিন। এ ছাড়া তৃণমূল আওয়ামী লীগের ১৪৪ জন সভাপতি ও সম্পাদকের মধ্যে ১০৩ জন ওই যৌথ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, আগামী ১০ নভেম্বর অনুষ্ঠেয় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখের পক্ষে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সমর্থন দিয়েছেন। সাংসদ উপজেলা ও পৌর আওয়ামী লীগের মতামতকে উপেক্ষা করে তাঁর পছন্দের প্রার্থীকে এককভাবে সমর্থন দিয়েছেন। এতে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দলের ভেতর কোন্দল নিরসন ও সাধারণ ভোটারদের বিভ্রান্তি দূর করতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রের মতামত নিয়ে যৌথ সভা ডাকা হয়েছে।
সভায় সর্বসম্মতভাবে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুস সালামকে (টিউবওয়েল প্রতীক) দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ তাঁর পক্ষে কাজ করবে।
সমর্থন পাওয়ার পর প্রার্থী আবদুস সালাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করছেন। বিজয় নিশ্চিত করতে তৃণমূল আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছে। এতে তৃণমূল আওয়ামী লীগের বিভ্রান্তি দূর হলো।
এদিকে উপজেলা যুবলীগের সভাপতি ও উপনির্বাচনের প্রার্থী ((চশমা প্রতীক) আলাল শেখ বলেন, তিনি জনগণের প্রার্থী। তাঁর ওপর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের আশীর্বাদ রয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ তাঁর পক্ষে মাঠে প্রচারণা চালাচ্ছে। সাধারণ ভোটাররা তাঁকেই নির্বাচিত করবেন।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখনো দলীয় মনোনয়নে হচ্ছে না। একজন ভোটার হিসেবে পছন্দ-অপছন্দ থাকতেই পারে। এতে দোষের কিছু নেই। দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই।