প্রার্থী বাছাই নিয়ে আ.লীগে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আওয়ামী লীগ। দুই পক্ষ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৈরি করে জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার পৃথক সভা করে তারা প্রার্থীদের ওই তালিকা তৈরি করে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জামাদানের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ৬ মার্চ।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা তৈরির জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন পক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আবদুল মনাফ পক্ষ শুক্রবার বিকেলে আলাদা স্থানে সভা করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নেতৃত্বাধীন পক্ষের সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ। এতে চেয়ারম্যান পদে আকমল হোসেন, রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের নাম এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নেতা বিজন কুমার দে, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমানের নাম জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মনাফের সভাপতিত্বে দলের আরেক পক্ষ সভা করে। এতে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর ও পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিনের নাম জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পৃথকভাবে সভা করার বিষয়ে আওয়ামী লীগের নেতা ও পৌর মেয়র আবদুল মনাফ বলেন, ‘দলীয় কার্যালয়ে যে সভা হয়েছে, সেই সভা সম্পর্কে আমাদের কেউ বলেনি। তাই আমরা পৃথক সভা করে প্রার্থীদের যে নাম পেয়েছি, সেগুলো জেলায় পাঠানো হবে।’

তবে দলের নেতাদের সভার বিষয়ে না জানানোর অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘আমরা দলের সবাইকে নিয়েই সভা করেছি। তৃণমূলের নেতা-কর্মীরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যাঁদের নাম প্রস্তাব করেছেন, আমরা সেগুলো জেলায় পাঠাব। পরবর্তী সিদ্ধান্ত জেলা ও কেন্দ্র থেকে আসবে।’

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন হয় ২০০৯ সালের ২২ জানুয়ারি। এই নির্বাচনে বেসরকারিভাবে আতাউর রহমানকে চেয়ারম্যান, মুক্তাদীর আহমদ ও রাবেয়া বারীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। কিন্তু গেজেট প্রকাশের আগেই চেয়ারম্যান পদে তৃতীয় স্থান অধিকারী মিন্টু রঞ্জন ধর ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন। কমিশন অভিযোগ আমলে নিয়ে সুনামগঞ্জের তৎকালীন জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিনকে দিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। এর মধ্যে নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানের নামে গেজেট হয় এবং তাঁরা শপথ নেন। শপথের পর তাঁরা প্রথম সভা করেন ২০০৯ সালের ৬ মে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তাদীর আহমদ।

তদন্ত শেষে কমিটি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃ ভোট আয়োজনের সুপারিশ করে। পরে ২০১২ সালের ১ ডিসেম্বর ওই কেন্দ্রে ভোট হলে ভোটের হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন আকমল হোসেন। তিনি প্রথম সভা করেন ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি। কিন্তু ভাইস চেয়ার‌্যমানদের প্রথম সভার তারিখ ধরে পরিষদের মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশন ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ওই তফসিলের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এরপর আর ভোট হয়নি।