আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে গতকাল বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় বিএনপির দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দলীয় মনোনয়ন যাঁকে দেওয়া হবে সেই প্রার্থীর পক্ষেই দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার ফকির চাতাল প্রাঙ্গণে বেলা ১১টায় সভাটি শুরু হয়। উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি বিষয়ে সভা আহ্বান করা হলেও সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়টিই প্রাধান্য পায়। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় প্রার্থী হিসেবে যাঁকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তাঁর পক্ষেই সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সহসভাপতি আবদুস সামাদ লাল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল প্রমুখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে আশা করি কোনো সমস্যা বা কোন্দল হবে না। উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিটিতেই আমরা সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।’