প্রার্থী ১৪ জন, ১১ জন অক্ষরজ্ঞানসম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কেবল একজনের। তিনি এসএসসি পাস। অন্যদের মধ্যে স্কুলে পড়াশোনা করেছেন মাত্র দুজন। অন্যরা অক্ষরজ্ঞানসম্পন্ন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা জানান, ভবানীগঞ্জ পৌরসভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মোট ১৪ জন প্রার্থী নির্বাচন করছেন। এসব প্রার্থীর হলফনামা থেকে জানা যায়, একমাত্র সংরক্ষিত-৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী আনোয়ারা বিবি মাধ্যমিক পাস। এই পৌরসভায় অপর দুই প্রার্থী সংরক্ষিত-২ নম্বর ওয়ার্ডের শাহানারা খাতুন নবম শ্রেণি ও মমতাজ খাতুন অষ্টম শ্রেণি পাস। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সব প্রার্থীই অক্ষরজ্ঞান সম্পন্ন। এই ওয়ার্ডে সর্বোচ্চ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়জনসহ মোট ১১ জন প্রার্থী অক্ষরজ্ঞানসম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া ১৪ প্রার্থীর সবাই পেশায় ‘গৃহিণী’।

এই নারী প্রার্থীদের বিষয়ে এলাকায় ৪৫ জন নারীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তাঁদের মতে, শিক্ষিত নারীরা এসব ঝামেলায় আসতে চান না। তাঁদের পারিবারিকভাবেও বাধার মুখে পড়তে হয়। এ কারণে কম শিক্ষিত ও অক্ষরজ্ঞান সম্পন্ন নারীরাই প্রার্থী হয়ে থাকেন।

অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থী নারগিস খাতুন বলেন, লেখাপড়া না জানলেও কীভাবে জনসেবা করতে হয়, তা তিনি জানেন। নবম শ্রেণি পাস শাহানারা খাতুনও একই রকম কথা বলেছেন। তিনি বলেন, খুব বেশি শিক্ষিত নারীরা নির্বাচনে আসেন না। পরপর দুবার নির্বাচিত হয়ে কীভাবে কাজ করতে হয়, তা তিনি জেনেছেন। তবে শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে এলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হতো বলে তিনি মনে করেন। শিক্ষার অভাবে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বলে জানিয়েছেন।

এই পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ডিগ্রিধারী (এসএসসি পাস) আনোয়ারা বিবি জানান, তিনিও এত দিন পরিবার থেকে সাড়া না পাওয়ায় নির্বাচনে আসতে পারেননি। স্বামীর সহযোগিতা ও আগ্রহের কারণে প্রার্থী হয়েছেন। তবে ভোটাররা শিক্ষাকে কতটুকু মূল্যায়ন করে, তা দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষিত নারীদের নির্বাচনে না আসা প্রসঙ্গে ভবানীগঞ্জ পৌরসভার বাসিন্দা অধ্যক্ষ আতাউর রহমান ওরফে শিবলী বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। নারীরা সবখানে এগিয়ে গেলেও এখানে কেন পিছিয়ে যাচ্ছেন, তা দেখার বিষয়। তবে শিক্ষিত নারীদের সংরক্ষিত আসনে নির্বাচন করা উচিত। এতে উন্নয়ন ঘটবে এবং নারী সমাজ উপকৃত হবে।