প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
জয়পুরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় হয়।
অতীত নির্বাচনের অভিজ্ঞতা থেকে প্রার্থীরা বলেন, ভোটের আগের রাতে কিছু প্রার্থী ভোটারদের মধ্যে টাকা বিলি করেন। এটা বন্ধ করতে হবে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু শহরের প্রধান রাস্তা দিয়ে টহল দেয়। এটা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না-ও থাকতে পারে। এ জন্য পাড়া-মহল্লার রাস্তাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে। কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে এক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, এক প্রার্থী ঘোষণা দিয়ে মসজিদ ও মন্দিরে টাকা দান করছেন।
প্রার্থীদের বক্তব্য শোনার পর রিটার্নিং কর্মকর্তা ও জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন বলেন, কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানো উচিত। তিনি নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।