প্রার্থীদের প্রত্যয়নপত্র দিচ্ছে বিএনপি
পৌরসভা নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান কয়েকজনকে প্রত্যয়নপত্র দেন। অনেককে মৌখিকভাবে প্রার্থিতার কথা জানানো হয়েছে।
বিএনপির সূত্র জানায়, রাজশাহী অঞ্চলের কয়েকটি পৌরসভায় দলীয় মেয়র পদপ্রার্থীর হাতে প্রত্যয়নপত্র তুলে দিয়ে মনোনয়ন কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল দলের প্রত্যয়নপত্র পেয়েছেন রাজশাহীর গোদাগাড়ি পৌরসভায় আনোয়ারুল ইসলাম। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক। কাঁকনহাটে পেয়েছেন পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন খান। তানোরে থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান, মুণ্ডুমালায় পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, কেশোরহাটে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নওহাটায় পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন ও কাটাখালীতে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা।
এ সময় মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই চ্যালেঞ্জ কেবল দলের জন্য নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, দেশে সুস্থ ধারার রাজনীতি ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে থাকব। আশা করি, সরকার আমাদের নির্বাচন থেকে সরিয়ে দেবে না।’
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, দলের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অনেকে ঢাকায় অবস্থান করছেন। গতকাল বিকেলে গুলশান কার্যালয়ে অনেক সম্ভাব্য প্রার্থীকে দেখা যায়। তাঁরা হাতে হাতেই প্রত্যয়নপত্র সংগ্রহ করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাতে হাতে ছাড়া প্রত্যয়নপত্র দেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। কারণ, প্রার্থীরা তো ঠিকানামতো নেই। অনেকে এলাকায় যেতে পারছেন না। বেশির ভাগই ঢাকায় এখানে-ওখানে আছেন।
সূত্র জানিয়েছে, বিএনপি এখনই প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে না। তালিকা প্রকাশ করা হলে প্রার্থীদের গ্রেপ্তার এবং মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়া হতে পারে, এ আশঙ্কায় দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে এমন কৌশল নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের পর ৩ ডিসেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।
জানা গেছে, ২০-দলীয় জোটের দুই শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় পার্টিকে (কাজী জাফর) একটি করে পৌরসভা ছেড়ে দেবে বিএনপি। তবে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের কটি পৌরসভায় ছাড় দেওয়া হবে, তা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন।
গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকেরা জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব ও দলের প্রার্থীর প্রত্যয়নকারী মো. শাহজাহান বলেন, ‘জামায়াতে ইসলামীর নিজস্ব রাজনীতি আছে। তাদের কী কৌশল হবে, কী প্রক্রিয়ায় তারা নির্বাচনে অংশ নেবে, সেটা তাদের ভাবতে দেওয়া উচিত বলে আমি মনে করি।’
বিএনপির সূত্র জানায়, দেশের ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীদের জিতিয়ে আনতে বিএনপির চেয়ারপারসন শিগগিরই জেলা, থানা ও পৌরসভার নেতাদের চিঠি দিতে পারেন। সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার নির্দেশনা দেওয়া হতে পারে।
রাতে বিএনপির সূত্র থেকে দল মনোনীত আরও কিছু প্রার্থীর নাম পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াখালীর বসুরহাটে খালেক চৌধুরী, চৌমুহনীতে হারুনুর রশীদ, ফেনী সদরে ফজলুর রহমান, পরশুরামে মুস্তাহিদুর রহমান, চট্টগ্রামের মিরসরাইয়ে রফিকুল ইসলাম, বারৈয়ারহাটে মাইনুদ্দিন লিটন, সীতাকুণ্ডে আবুল মনসুর, সন্দ্বীপে আজমত আলী, রাউজানে কাজী আবদুল্লাহ আল হাসান, রাঙ্গুনিয়ায় হেলাল আকবর, বাঁশখালীতে কামরুল ইসলাম হোসাইনী, সাতকানিয়ায় রফিকুল আলম, পটিয়ায় তৌহিদুল ইসলাম, চন্দনাইশে নুরুল আনোয়ার চৌধুরী (এলডিপি), বান্দরবানে জাভেদ রাজা, লামায় আমির হোসেন, রাঙামাটিতে সাইদুল ইসলাম ভুট্টো, খাগড়াছড়িতে আবদুল মালেক, মাটিরাঙ্গায় বাদশাহ মিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলাল হোসেন, পঞ্চগড়ে তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সাল আমীন, দিনাজপুর সদরে জাহাঙ্গীর আলম, ফুলবাড়িয়ায় মো. শিল্পী, চাঁপাইনবাবগঞ্জের রহমপুরে নুরুল আলম (তৌকি), ঝালকাঠির নলছিটিতে মুজিবুল হক, বরগুনার বেতাগীতে হুমায়ুন কবীর মল্লিক, পাথরঘাটায় আকবর মল্লিক, গৌরনদীতে মো. মুকুল, ময়মনসিংহের ত্রিশালে আমিনুল ইসলাম।