কাল সোমবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদে সংরক্ষিত ৯০১টি আসনের নারী সদস্য নির্বাচনে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন এক-তৃতীয়াংশ সদস্য।
অভিযোগ উঠেছে, ভয়ভীতির কারণে অনেকেই নির্বাচনে প্রার্থী হননি। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ-সমর্থিত। হাতে গোনা কয়েকটি বাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদেরও প্রায় সবাই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী, সমর্থক অথবা প্রভাবশালী নেতা-কর্মীর স্ত্রী, বোন বা আত্মীয়। বগুড়া, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, কক্সবাজারে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে।
বগুড়ার ১২টি উপজেলার সব আসনেই বিএনপি ও জামায়াত-সমর্থিত চেয়ারম্যান আছেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ-সমর্থিতরা চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
অভিযোগ উঠেছে, সমঝোতার অংশ হিসেবে আদমদীঘি উপজেলার একটি আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি আসনের বেশির ভাগে আওয়ামী লীগ-সমর্থিতরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভয়ভীতির কারণে বিএনপি-সমর্থিতরা নির্বাচনে অংশ নেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি।
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের একজন নারী সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচন করার প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু পারেননি।
কেন পারলেন না, জানতে চাইলে তিনি প্রথম আলোকে জানান, আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাঁকে বলেছে, ‘আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে নির্বাচন করো, না হলে করার দরকার নেই।’
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন জয়ী হয়েছেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন বানাজা আকতার, মোমেনা আকতার ও আঞ্জুমান আরা হক। তিনজনই আওয়ামী লীগ-সমর্থিত। বাকি চার আসনে নির্বাচন হবে, সেখানেও বিএনপি-সমর্থিত কোনো প্রার্থী নেই। লোহাগড়া উপজেলার তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনজনই আওয়ামী লীগের।
যেখানে আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেনি, সেখানে নির্বাচন হচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুটি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত সদস্য। অন্যটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে। নোয়াখালীর তিনটি আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ছয়জন বিএনপি-সমর্থক নারী সদস্যের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়। তাঁরা কেউই নাম প্রকাশ না করার শর্তে জানান—ভোট করতে যাওয়াটা বিপজ্জনক। এতে সরকারদলীয় নেতা-কর্মীদের হামলা-মামলায় পড়ার ভয় থাকে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য বলেন, ‘নারী সদস্য হিসেবে ইউনিয়ন পরিষদে আছি, সেটাই ভালো। আওয়ামী লীগ নেতাদের মতের বাইরে গিয়ে নির্বাচন করতে গেলে দেখা যাবে এই পদটিও থাকছে না।’ তিনি জানান, আগামী বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি ভোটেই দাঁড়াবেন না।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ১ হাজার ২৬৬টি আসনের মধ্যে ৩৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ২ হাজার ২১১ জন। মনোনয়নপত্র জমা না পড়ায় ১৩টি আসনে ভোট গ্রহণ হচ্ছে না।
উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ হবে একটি পরিষদ। এই নির্বাচনে ভোটার হলেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত আসনের নারী সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন তাঁরা। আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক আসন নারীর জন্য সংরক্ষিত। নির্বাচিত নারী সদস্যরা আগামী আট মাসের জন্য দায়িত্ব পালন করবেন। কেননা, আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন শুরু হবে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর জেলা ও উপজেলা প্রতিনিধিরা)