প্রার্থীদের শঙ্কা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপি, জাতীয় পার্টি, ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থীরা। এই প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেছেন। তাঁরা আশঙ্কা করছেন, পার্শ্ববর্তী মানিকগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে এসে বহিরাগত ব্যক্তিরা এসব কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। ৭ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে উপজেলার ১৩২টি ভোটকেন্দ্রের মধ্যে প্রশাসন ৮৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবলীগের নেতা মো. সুবেদুজ্জামান অভিযোগ করেন, ‘আমার এলাকার বেশির ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজন প্রচার করছেন, আমার সমর্থক কাউকে ভোটকেন্দ্রে যেতে দেবেন না। এতে সুষ্ঠু ভোট নিয়ে আমরা চিন্তায় আছি। জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে পারে, সে জন্য ভোটকেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হোক।’
বিএনপির প্রার্থী হাবিবুর রহমান খান বলেন, ‘নয়নশ্রী ইউনিয়নটি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় বহিরাগত ব্যক্তিরা প্রায় রাতেই মোটরসাইকেল মহড়া দিচ্ছে। যুবলীগের এক নেতা ও তাঁর ক্যাডার বাহিনী আমার সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে।’
চুড়াইন ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী আসমা আক্তার বলেন, ‘নৌকার প্রার্থী জলিল বেপারীর লোকজন নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। রাত হলেই বহিরাগত ব্যক্তিরা আমাদের এলাকায় মহড়া দিচ্ছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
শিকারিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক বলেন, মনিকান্দা দাখিল মাদ্রাসা, হাগ্রাদী প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর প্রাথমিক বিদ্যালয় ও বিষমপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এখানে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ ছাড়া কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে ভোটারদের মধ্যে সংশয় কাজ করছে।
বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হেলাল মিয়া বলেন, ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের মধ্যে সাদাপুর প্রাথমিক বিদ্যালয় ও নতুন বান্দুরা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বেশির ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে করা অভিযোগ ঠিক নয়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অভিযোগকারী ব্যক্তিদের আশঙ্কা ভিত্তিহীন।’
এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনো অবস্থাতেই আইন অমান্যকারী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আজ বুধবার থেকে বিজিবি টহল দেবে। এ ছাড়া তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য ভোটকেন্দ্র ও তার আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।