প্রার্থীর চেয়েও গুরুত্বপূর্ণ হবে দলীয় প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

দেশে নারায়ণগঞ্জেই প্রথম দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। ফলে এই নির্বাচনে প্রার্থীর চেয়ে দলীয় প্রতীকই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। তাঁরা বলছেন, স্থানীয় সমস্যার পাশাপাশি নির্বাচনে উঠে আসবে জাতীয় রাজনীতিও।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গতকাল শুক্রবার ছুটির দিনে শহরের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে এমন বিষয় উঠে আসে। প্রধান দুই দলের মেয়র পদপ্রার্থীরাও বলছেন, দলীয় প্রতীকই তাঁদের এগিয়ে নেবে।
শহরের চাষাঢ়া মোড়ে কথা হয় সরকারি তোলারাম কলেজের ছাত্র রিজওয়ান আহমেদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, গত নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেলিনা হায়াৎ আইভী নাকি শামীম ওসমান। কিন্তু এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নৌকা আর ধানের শীষ।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে সাধারণত প্রার্থীই গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হলে প্রার্থীকে ছাপিয়ে প্রতীকই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজেই এবারের নারায়ণগঞ্জ নির্বাচনে নৌকা বা ধানের শীষই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আটটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। এটা শুভদিক যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসছে। কীভাবে নির্বাচন হয়, পরিবেশ কেমন থাকে—এদিকে সারা দেশের মানুষের নজর থাকবে। সব মিলিয়ে স্থানীয় নির্বাচনের চেয়েও এটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে ব্যক্তি আইভীর এবং তাঁদের পরিবারের ইতিবাচক ভাবমূর্তি আছে। গত পাঁচ বছর মেয়র থাকাকলে তিনি অনেক উন্নয়নকাজ করেছেন। আর বর্তমান সরকার সারা দেশে উন্নয়নকাজ করছে। আইভীর ভাবমূর্তি আর নৌকা প্রতীক এখানে এবার আওয়ামী লীগকে বড় জয় এনে দেবে বলে আমরা আশাবাদী। আমরা এ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তবে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার মনে করেন, বর্তমান সরকারের ওপর মানুষ ক্ষুব্ধ। কারণ, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আর ধানের শীষ এ দেশে গণতন্ত্র এনেছে। কাজেই মানুষ সুযোগ পেলেই ধানের শীষে ভোট দেবে। আর নারায়ণগঞ্জে সাত খুনসহ নানা ঘটনায় মানুষ ক্ষুব্ধ। কাজেই নারায়ণগঞ্জে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপির প্রার্থীই জয়ী হবেন।
অবশ্য স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অবস্থান ভালো। ২০১১ সালে সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী এক লাখের বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবার নৌকা প্রতীক পাওয়ায় আগের চেয়েও বেশি ভোট পাবেন বলে আশাবাদী সদ্য সাবেক এই মেয়র। তিনি গতকাল বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে চুনকার (প্রয়াত আলী আহমদ চুনকা) মেয়ে হিসেবে ছোটবেলা থেকেই চেনেন। এরপর তাঁরা মেয়র হিসেবে আমাকে দেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে নৌকা দিয়েছেন। তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরাও খুশি। আমি বিশ্বাস করি, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জবাসী আইভীকে ও নৌকাকে তাঁদের রায় দেবেন।’
অন্যদিকে মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠজনেরা বলছেন, বিএনপির রাজনীতিতে সরাসরি সেভাবে ভূমিকা না থাকলেও আইনজীবী হিসেবে সাত খুনের ঘটনার পর সক্রিয় ভূমিকা সাখাওয়াতকে পরিচিত করেছে। আর এখন ধানের শীষের প্রতীক তাঁকে আরও এগিয়ে নেবে।
সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে, টেস্ট কেস হিসেবে নিয়েছি। এই নির্বাচনে দুটি মার্কা ধানের শীষ আর নৌকা। নৌকা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ কারণে তাদের প্রতি জনরোষ আছে। ধানের শীষ গণতন্ত্র, ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে। সুতরাং মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তা কাজে লাগাবে। আর নারায়ণগঞ্জের সাত খুনের প্রতিবাদে আমি রাজপথে ছিলাম। মানুষ সেগুলো দেখেছে। আমার মনে হয় মানুষ পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন হবে ধানের শীষ দিয়ে।’
প্রধান দুটি দল ছাড়াও ছোট ছয়টি দলের প্রার্থীরা মেয়র পদে নির্বাচন করছেন। তাঁরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মোসলেম উদ্দিন আহম্মেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কামাল প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ ও ইসলামী ঐক্যজোট বাংলাদেশের ইজহারুল হক। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতান মাহমুদ। তিনি নিজেকে বিএনপির কর্মী দাবি করেছেন।
নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, আটটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সবই করবে। প্রার্থীরা যদি আচরণবিধি মেনে চলেন, তাহলে এমনিতেই সবার জন্য মাঠ সমান হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করবেন। তিনি আশা করেন, নির্বাচন সুষ্ঠু হবে।