প্রায় সব ইউপিতে কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনে প্রায় সব জায়গায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ দেশের ৭১৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট নেওয়া চলবে।

আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও এ নির্বাচনে জাতীয় পার্টি, জাসদ, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, বিএনএফ, সিপিবি, তরীকত ফেডারেশন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাপ অংশ নিচ্ছে। আগামী জুনের মধ্যে পর্যায়ক্রমে ছয় ধাপে দেশের চার হাজার ২৭৫টি ইউপিতে ভোট নেওয়া হবে।

আজকের নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, তাঁরা বিভিন্ন স্থান থেকে ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, জোর করে সিল মারা, কেন্দ্র দখল, দলীয় এজেন্টদের বের করে দেওয়া ও মারধর করা, ভোটারদের বাধাসহ ব্যাপক অনিয়ম-জালিয়াতির খবর পাচ্ছেন।

রিজভীর অভিযোগ, আজ দেশের যে ৭১৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে, তার প্রায় সব কটিতে কেন্দ্র দখল ও জালিয়াতি হচ্ছে বলে তাঁদের কাছে খবর এসেছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তাঁরা এত দিন যে আশঙ্কার কথা বলে আসছিলেন, তা আজ শতভাগ প্রমাণিত হয়েছে।