প্রেসক্লাবের ভেতরে ঢোকার চেষ্টা প্রজন্ম লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ভেতরে ঢোকার চেষ্টা করছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দলের শতাধিক নেতাকর্মী প্রেসক্লাবের ফটকে ধাক্কা দিচ্ছেন। ভেতরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বের করে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। গতকাল সোমবার দুপুর থেকে মির্জা ফখরুল প্রেসক্লাবের ভেতরে রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা প্রজন্ম ল​ীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, মির্জা ফখরুলকে প্রেসক্লাবের ভেতর থেকে বের করে দিতে হবে। ফটকে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। পুলিশকে এ সময় নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।

সকালে জানানো হয়, মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রেসক্লাবের ভেতর থেকে বাইরে আসেননি। প্রেসক্লাবের সামনে অসংখ্য পুলিশ রয়েছে।

জানা গেছে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের ঘরে রয়েছেন মির্জা ফখরুল। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজপথের কর্মসূচি গতকাল ঢুকে পড়েছিল জাতীয় প্রেসক্লাবে। প্রায় দিনভর সেখানে সরকার-সমর্থক ও বিরোধীদের বিভিন্ন কর্মসূচি, উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে অনেকটা আকস্মিকভাবে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মির্জা ফখরুল ক্লাবের ভেতরই অবস্থান করছেন। দলীয় সূত্র জানায়, রাতের বেলায় তিনি গ্রেপ্তার হতে চান না। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়ার প্রস্তুতি নিয়ে ক্লাবের ভেতরেই তিনি অপেক্ষা করছেন।

আরও জানতে পড়ুন: