প্রয়াত স্বামীর ওয়ার্ডে জয়ী স্ত্রী
কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন মোছা. জেসমিন। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক নিহত হলে পদটি শূন্য হয়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস প্রথম আলোকে বলেন, হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রাম নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। এখানকার ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ফলে এই ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে প্রার্থী হন দুজন। সিদ্দিকুরের স্ত্রী মোছা. জেসমিন ও মোহা. ইন্তাজ নামের এক ব্যক্তি।
এই ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬৬৮ জন। গতকাল রোববার সকাল থেকে ভোট অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে দেখা যায়, জেসমিন পেয়েছেন ১ হাজার ২৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ইন্তাজ পান ১ হাজার ২৪ ভোট। অর্থাৎ দুই ভোটের ব্যবধানে জিতে জেসমিন তাঁর স্বামীর ওয়ার্ডে ইউপি সদস্য হলেন।
বিজয়ী ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জেসমিন বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর এলাকার মানুষের উৎসাহে আমি নির্বাচন করেছি। সব সময় এলাকার মানুষের পাশে থাকব।’
হরিনারায়ণপুর ইউপির চেয়ারম্যান মহিউদ্দীন বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়। দুজন প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।