প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা থাকছে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক পণ্য রপ্তানিতে সরকার নগদ সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘শুধু প্লাস্টিক নয়, আমরা অপ্রচলিত সব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেব। কারণ, আমরা পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাই।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি পণ্য রপ্তানিতে বাজার বহুমুখীকরণের কথা উল্লেখ করে বলেন, ‘কতগুলো বাজারে সীমাবদ্ধ না থেকে সম্ভাবনাময় সব বাজারে আমাদের যেতে হবে।’

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের প্রতিষ্ঠান চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে মেলাটি আয়োজন করছে। চার দিনব্যাপী এই মেলায় যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামালসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩৫০ স্টল থাকছে। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান যুগ প্লাস্টিকের যুগ। তবে আমরা হয়তো এখনো বালতি-মগের মধ্যেই আছি। এখান থেকে বের হয়ে আসতে হবে। নিত্যনতুন বৈচিত্র্যময় ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে যেতে হবে।

বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার–সুবিধা বা জিএসপি বাতিলের কারণে প্লাস্টিক খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশার কথা, বাজারটিতে প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেনি, বেড়েছে। তবে উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে।

সমিতির সভাপতি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি ১০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। সে জন্য জিএসপি ফিরে না পাওয়া পর্যন্ত প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ও এই খাতের জন্য আলাদা শিল্পপার্ক স্থাপন করা প্রয়োজন। শিল্পপার্ক হলে কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করা যাবে।’

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘যে মুহূর্তে দেশ এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তথাকথিত আন্দোলনের নামে একটি দল আজকে সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা চালিয়ে আমাদের অগ্রযাত্রা ব্যাহত করতে চাচ্ছে। যাতে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তাঁরা জানেন না, পৃথিবীর কোনো ইতিহাস সাক্ষ্য দেয় না, সন্ত্রাসী কার্যকলাপ করে, নাশকতা করে, জঙ্গি তৎপরতা চালিয়ে কোনো দাবি আদায় হয় নাই। তাহলে রাজনীতি মিথ্যা হয়ে যেত।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের নামে যে কাজটি হচ্ছে, সেটি বন্ধ হওয়া প্রয়োজন...।’ তিনি বলেন, ‘অনেকেই সংলাপের কথা বলেন। লক্ষ করেন, এক মা আরেক ছেলেহারা মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। ব্যবহারটা কী করেছেন, আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। বিশিষ্ট ব্যক্তিবর্গ বলছেন, সংলাপের রাস্তা বন্ধ হয়ে গেছে।’

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘দলমত-নির্বিশেষে আমাদের একই আওয়াজ তুলতে হবে, আমরা সন্ত্রাস বন্ধ করতে চাই। আমরা ব্যবসা করতে চাই। এ জন্য আমরা একদিন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চ্যান চাও ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক জুডি ওয়াং। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম।