পয়লা বৈশাখে ইলিশ না খাওয়া ত্যাগের মধ্যে পড়ে না : গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি
গয়েশ্বর চন্দ্র রায় । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পয়লা বৈশাখে ইলিশ খাবেন না—এটা কোনো ত্যাগের মধ্যে পড়ে না।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কারও নাম উল্লেখ না করে গয়েশ্বর এ কথা বলেন। গণসাংস্কৃতিক দল নামের একটি সংগঠনের প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তব্যের রেশ ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই যে মানুষের ভোট কেড়ে নেন, মানুষ খুন করেন, এটা ত্যাগ করেছেন কি না, জাতি তা–ই জানতে চায়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘প্রহসন’ বলে উল্লেখ করে এই নির্বাচনে নিজের দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।


গয়েশ্বরের ভাষ্য, নির্বাচনের নামে খুন-খারাবি, মানুষ হত্যার মহোৎসব হচ্ছে। জনগণ ভোট দিতে পারছে না। সবাই বলছে—ভোট হচ্ছে না, প্রহসন হচ্ছে। জনগণও চিৎকার করে বলছে, এই ভোট চাই না।

এসব উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আবার আমরা সবাই মিলে প্রহসনের নির্বাচনটা করছি। এর কারণটা কী?’

গয়েশ্বর বলেন, ‘এই যে আমরা নির্বাচনে গেলাম—এটা কি সরকারকে সমর্থন করা না? কী কারণে আমরা তাদের সমর্থন দিই?’

গয়েশ্বর বলেন, আমি দলের সিদ্ধান্তের বাইরে না। তারপরও একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা থাকল।’