পয়লা বৈশাখে উৎসব 'হারাম': ওলামা লীগ
বাংলাদেশের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ। সংগঠনটি বলছে, ‘পয়লা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর এবং করপোরেট মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে। পান্তা-ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।
ওলামা লীগের এমন রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারে। এটা আওয়ামী লীগের কথা না। সব ধর্মের মানুষ এই উৎসব পালন করে। পয়লা বৈশাখ শুধু ছুটির দিন নয়, প্রথমবারের মতো পয়লা বৈশাখে সরকার উৎসব ভাতা দিয়েছে। এটাই শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের নীতি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগের পক্ষ থেকে আরও বলা হয়, ‘ইসলামে নববর্ষ পালন জায়েজ নাই। পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, পয়লা মহররম পালন জায়েজ নাই।’ সরকারের বৈশাখী উৎসব ভাতা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রধর্ম ইসলামের এ দেশে হারাম দিবস পালনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা চলবে না।’
অনুষ্ঠানে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।
অনুসন্ধানে দেখা গেছে, ওলামা লীগের একটি অংশের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার যথাক্রমে মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন বুখারি ও মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী। অপর অংশের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন। উভয় গ্রুপ নিজ নিজ অংশকে আসল ওলামা লীগ বলে দাবি করেছে। সংগঠনটির উভয় গ্রুপই ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে তাদের দলীয় কার্যালয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রচার করছে।