পয়লা বৈশাখে ঢাকায় শোভাযাত্রা করবে নগর আওয়ামী লীগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পয়লা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নির্বাচনী ও বৈশাখী আমেজে এবারের শোভাযাত্রা বর্ণাঢ্য ও নজরকাড়াভাবে করতে চায় দলটি।
গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা সকাল আটটায় বাহাদুর শাহ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করব। এটি দলীয় কার্যালয়ে এসে শেষ হবে।’ তিনি বলেন, এবার একদিকে নির্বাচনী আমেজ, আরেক দিকে বৈশাখের আমেজ। তাই এবারের শোভাযাত্রা আরও বর্ণাঢ্য করতে হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এবার সিটি নির্বাচনে নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে নেমেছেন। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ কাজ করছে।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন মুকুল চৌধুরী, আবদুল হক সবুজ, শাহ আলম মুরাদ প্রমুখ।